• খেলা

    রাউন্ড অব ৩২ থেকে শেষ ষোলোয় যাবে কারা, ভবিষ্যদ্বাণী করল সুপার কম্পিউটার

      প্রতিনিধি 29 June 2026 , 2:29:50 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ পর্ব শেষ। ৭২ ম্যাচের দীর্ঘ লড়াই শেষে বিদায় নিয়েছে ১৬টি দল, আর বাকি ৩২টি দল নেমেছে নকআউটের কঠিন পরীক্ষায়। ইতোমধ্যে শুরু হয়েছে রাউন্ড অব ৩২-এর লড়াই, যেখানে একটি হারই শেষ করে দিতে পারে শিরোপা জয়ের স্বপ্ন।

    তাইতো নকআউট পর্ব নিয়ে নতুন পূর্বাভাস প্রকাশ করেছে ফুটবল পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপ্টা। তাদের সুপার কম্পিউটার ২৫ হাজারবার পুরো নকআউট পর্বের সিমুলেশন চালিয়ে প্রতিটি ম্যাচের সম্ভাব্য ফলাফল এবং প্রতিটি দলের পরের ধাপে ওঠার সম্ভাবনা নির্ধারণ করেছে। সেই হিসাবেই উঠে এসেছে, কোন দল শেষ ষোলোয় ওঠার দৌড়ে কতটা এগিয়ে।

    অপ্টার পূর্বাভাস অনুযায়ী, শেষ ৩২-এর সবচেয়ে বড় ফেবারিট বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কেপ ভার্দের বিপক্ষে লিওনেল স্কালোনির দলের জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ৮৭.৮৭ শতাংশ, যা এই রাউন্ডের সব ম্যাচের মধ্যে সর্বোচ্চ। অর্থাৎ পরিসংখ্যানের বিচারে সবচেয়ে একপেশে ম্যাচ হওয়ার সম্ভাবনা এটিই।

    আর্জেন্টিনার পরেই রয়েছে ফ্রান্স। গ্রুপ পর্বে টানা তিনটি ম্যাচ জিতে দুর্দান্ত ছন্দে থাকা কিলিয়ান এমবাপ্পেদের সুইডেনের বিপক্ষে জয়ের সম্ভাবনা ৮৩.২৮ শতাংশ। খুব কাছাকাছি অবস্থানে রয়েছে স্পেনও। অস্ট্রিয়ার বিপক্ষে তাদের জয়ের সম্ভাবনা ৮৩.১৪ শতাংশ। ইউরোপের এই দুই পরাশক্তিকে তাই অনায়াসেই শেষ ষোলোয় ওঠার অন্যতম প্রধান দাবিদার হিসেবে দেখছে সুপার কম্পিউটার।

    ইংল্যান্ড ও জার্মানিও রয়েছে শক্ত অবস্থানে। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিপক্ষে ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা ৮২.২৫ শতাংশ। অন্যদিকে প্যারাগুয়ের বিপক্ষে জার্মানির সম্ভাবনা ৮০.৪৯ শতাংশ। দু’দলই পরিসংখ্যানের বিচারে নকআউটের প্রথম বাধা পেরিয়ে যাওয়ার পথে পরিষ্কারভাবে এগিয়ে।

    বিজ্ঞাপন

    স্বাগতিক দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি সম্ভাবনা দেখানো হয়েছে যুক্তরাষ্ট্রকে। বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে মার্কিনদের জয়ের সম্ভাবনা ৭৮.৪৪ শতাংশ। অন্যদিকে ঘানার বিপক্ষে কলম্বিয়ার জয়ের সম্ভাবনা ৭৪.৫৮ শতাংশ। দক্ষিণ আমেরিকার দলটিও তাই শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে শক্ত অবস্থানে রয়েছে।

    তবে সব ম্যাচ একপেশে হওয়ার সম্ভাবনা দেখছে না অপ্টা। শেষ ৩২-এর সবচেয়ে আকর্ষণীয় ম্যাচগুলোর একটি হতে পারে ব্রাজিল ও জাপানের লড়াই। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে এগিয়ে রাখা হলেও তাদের জয়ের সম্ভাবনা ৬৯.৪৫ শতাংশ। অর্থাৎ জাপানেরও চমক দেখানোর সুযোগ একেবারে উড়িয়ে দেয়া যাচ্ছে না।

    একইভাবে ক্রোয়েশিয়ার বিপক্ষে পর্তুগালের জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ৬৭.৩০ শতাংশ। আইভরি কোস্টের বিপক্ষে নরওয়ের সম্ভাবনা ৬৮.০৫ শতাংশ এবং আলজেরিয়ার বিপক্ষে সুইজারল্যান্ডের সম্ভাবনা ৬৪.৯০ শতাংশ। এই তিন ম্যাচেই ফেবারিট দল থাকলেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের আভাস মিলছে।

    কিছু ম্যাচে ব্যবধান আরও কম। মরক্কোর বিপক্ষে নেদারল্যান্ডসের জয়ের সম্ভাবনা ৬০.৩২ শতাংশ, আর ইকুয়েডরের বিপক্ষে মেক্সিকোর সম্ভাবনা ৬০.১৯ শতাংশ। পরিসংখ্যান বলছে, এই দুটি ম্যাচে যেকোনো ফলই আসতে পারে।

    সবচেয়ে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা দেখানো হয়েছে বেলজিয়াম-সেনেগাল এবং মিশর-অস্ট্রেলিয়া ম্যাচে। সেনেগালের বিপক্ষে বেলজিয়ামের জয়ের সম্ভাবনা মাত্র ৫৬.৬৭ শতাংশ। অন্যদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে মিশরের সম্ভাবনা ৫৪.৩৪ শতাংশ। অর্থাৎ দুই ম্যাচেই জয়-পরাজয়ের ব্যবধান খুবই সূক্ষ্ম, যেখানে একটি মুহূর্তই পার্থক্য গড়ে দিতে পারে।

    অবশ্য অপ্টার এই পূর্বাভাস কেবল সম্ভাবনার হিসাব। নকআউট পর্বের বাস্তবতা ভিন্ন। একটি ভুল, একটি লাল কার্ড, একটি দুর্দান্ত গোল কিংবা কোনো খেলোয়াড়ের অনন্যসাধারণ পারফরম্যান্স মুহূর্তেই বদলে দিতে পারে ম্যাচের চিত্র। তারপরও পরিসংখ্যানের বিচারে আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড ও জার্মানিই রাউন্ড অব ৩২ থেকে শেষ ষোলোয় ওঠার সবচেয়ে শক্তিশালী দাবিদার হিসেবে এগিয়ে রয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    2:29 PM রাউন্ড অব ৩২ থেকে শেষ ষোলোয় যাবে কারা, ভবিষ্যদ্বাণী করল সুপার কম্পিউটার 2:01 PM বিশ্বকাপ শেষেই বিয়ে করতে পারেন রোনালদো 1:44 PM জাপান ম্যাচ ব্রাজিলের জন্য ফাইনাল- আনচেলত্তি 12:49 PM বিশ্বকাপে মেসির সমান গোলও করতে পারেনি ৩০ দেশ 12:31 PM জিতলেই শেষ ষোলো, জাপান পরীক্ষায় যেমন হতে পারে ব্রাজিলের একাদশ 12:21 PM বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই 6:54 PM এই বিশ্বকাপে বিশ্ব চ্যাম্পিয়নদের ছড়াছড়ি 6:42 PM বাংলাদেশকে ১৪০ রানে অলআউট করল জিম্বাবুয়ে 5:57 PM ব্রাজিল ম্যাচের আগে নিজেদের বড় দুর্বলতা নিয়ে দুশ্চিন্তায় জাপান 4:52 PM বিকেএসপি পরিচালনা বোর্ডের ৪০তম সভা অনুষ্ঠিত