
প্রতিনিধি 25 May 2026 , 12:37:11 প্রিন্ট সংস্করণ

বিশ্বকাপ শুরুর আগে আর্জেন্টিনা শিবিরে হঠাৎ আতঙ্ক ছড়িয়েছিল লিওনেল মেসিকে ঘিরে। ইন্টার মায়ামির হয়ে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচে বাঁ পায়ের ওপরের অংশে অস্বস্তি অনুভব করে ৭৩তম মিনিটে মাঠ ছাড়েন আর্জেন্টাইন অধিনায়ক। তবে ম্যাচ শেষে মায়ামি কোচ গিয়ের্মো হয়োস জানিয়েছেন, মেসির চোট নিয়ে এখনই উদ্বেগের কিছু দেখছেন না তারা।
রোমাঞ্চকর ম্যাচে শেষ পর্যন্ত ফিলাডেলফিয়াকে ৬-৪ গোলে হারায় ইন্টার মায়ামি। মেসি যখন বদলি হন, তখন স্কোর ছিল ৪-৪। মাঠ ছাড়ার আগে তাঁকে পায়ের পেছনের অংশে হাত দিতে দেখা যায়। এরপর তিনি সরাসরি ড্রেসিংরুমে চলে গেলে স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়ায় আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে।

তবে ম্যাচ শেষে হয়োসের ব্যাখ্যা, এটি নিশ্চিত কোনো চোটের ঘটনা নয়; বরং ভারী মাঠ ও ম্যাচের ধকল বিবেচনায় ঝুঁকি নিতে চাননি তারা। কোচের ভাষ্য অনুযায়ী, মেসি ক্লান্ত ছিলেন এবং সন্দেহ থাকলে এমন সময়ে ঝুঁকি না নেওয়াই ভালো। গার্ডিয়ানও জানিয়েছে, মেসির চোট নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মেডিকেল রিপোর্ট পাওয়া যায়নি।
বিশ্বকাপের আগে এটিই ছিল ইন্টার মায়ামির হয়ে মেসির শেষ ম্যাচ। আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে আর্জেন্টিনা। তাই ৩৮ বছর বয়সী অধিনায়কের ফিটনেস নিয়ে লিওনেল স্কালোনির দল যে বাড়তি সতর্ক থাকবে, তা বলাই যায়। আপাতত মায়ামির আপডেট আর্জেন্টিনার জন্য স্বস্তির, তবে মেসির অবস্থা নিবিড় পর্যবেক্ষণেই থাকবে।