
প্রতিনিধি 13 May 2026 , 4:44:22 প্রিন্ট সংস্করণ

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে অভিজাত মঞ্চগুলোর একটি কান চলচ্চিত্র উৎসব। পর্দা উঠেছে কান চলচ্চিত্র উৎসবের। এবার সেই কানের মঞ্চে প্রথম উপস্থিত হয়েই সবাইকে চমক দিলেন আলিয়া ভাট। উৎসবের প্রথম দিনের লুকের পাশাপাশি দ্বিতীয় লুকটিও ভক্তদের নজর কেড়েছে।

ফরাসি রিভিয়ারার ঝলমলে সন্ধ্যা, চারদিকে ক্যামেরার ফ্ল্যাশ আর বিশ্বের ফ্যাশন দুনিয়ার চোখ এক মুহূর্তে আটকে গেল একজনের দিকেই আর সেটা আলিয়া ভাট। ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় এবার যেন পুরোদস্তুর ‘ওল্ড হলিউড গ্ল্যামার’-এর প্রতিচ্ছবি হয়ে হাজির হলেন তিনি। আলিয়া এবার কান উৎসবে অংশ নিয়েছেন লরিয়াল প্যারিসের গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে। তবে শুধু উপস্থিতিই নয়, নিজের স্টাইল স্টেটমেন্ট দিয়েও আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে আলাদা করে নজর কাড়লেন বলিউডের এই অভিনেত্রী।


লাল গালিচায় আলিয়ার লুক ছিল যেন রাজকীয় আভিজাত্য আর আধুনিক কৌচারের মিশেল। ডিজাইনার তামারা রাল্ফের তৈরি ভাস্কর্যশৈলীর করসেট গাউনে দেখা যায় তাকে। তার পিচি পিংক কালারের পোশাকটি ডিপ নেকলাইন, নিখুঁত স্ট্রাকচার ডিটেইলিং এবং লং টেইল পুরো লুকটিকে দিয়েছে নাটকীয় এক আবেদন। আর গাউনের সঙ্গে উড়তে থাকা শিফনের স্কার্ফ যেন পুরো বিষয়টা আরো মানানসই করে দিয়েছে।

ফ্যাশন বিশেষজ্ঞদের মতে, এই লুকটিতে টামারা রালফের নারীত্ব আর আর্কিটেকচারাল ডিজাইনের নিখুঁত মেলবন্ধন দেখা গেছে। ফলে এবারের কান উৎসবের অন্যতম আলোচিত স্টাইল মোমেন্ট হয়ে উঠেছেন আলিয়া। তবে শুধু পোশাক নয়, তার গয়নার দিকেও ছিল সবার নজর। আলিয়া গলায় পরেছিলেন অম্রপালি জুয়েলসের বিশেষ জুয়েলারি ‘দ্য গোলকোন্ডা রোজ’। জয়পুরের ঐতিহ্যবাহী কারুশিল্পকে সামনে এনে তৈরি এই অনন্য গয়নাটিতে ছিল ১৬৮ ক্যারেটের বিরল পিঙ্ক কোরাল, ৫ দশমিক ৫৩ ক্যারেটের বিরল গোলকোন্ডা টাইপ হীরা এবং আরও ২০ ক্যারেটের সূক্ষ্মভাবে বসানো হীরা। ঐতিহ্য আর আধুনিক বিলাসিতার এমন মেলবন্ধন আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় কারুশিল্পকেও নতুন করে আলোচনায় এনেছে। এর সঙ্গে আলিয়া কানে ও আঙুলে পরেছিলেন চোপার্ডের জুয়েলারি। মেকআপ ও হেয়ারস্টাইলেও ছিল সংযত আভিজাত্য, যাতে পোশাক ও গয়নাই হয়ে ওঠে পুরো লুকের মূল আকর্ষণ।