
প্রতিনিধি 19 May 2026 , 12:27:14 প্রিন্ট সংস্করণ

বলিউড অভিনেতা সালমান খানের মুম্বাইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। হিন্দুস্তান টাইমস থেকে জানা যায় সোমবার (১৮ মে) অ্যাপার্টমেন্টের নিচতলা থেকে একটি সাপ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যান এক সাপ উদ্ধারকারী এবং স্থানীয় কর্তৃপক্ষও তাকে সহায়তা করে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দক্ষতার সঙ্গে সাপটি ধরে ফেলেন ওই সাপ উদ্ধারকারী। তিনি সাপটির পেছনে ধীরে ধীরে এগিয়ে গিয়ে সেটিকে লেজ ধরে নিয়ন্ত্রণে আনেন। পরে সাপটি হাতে পেঁচিয়ে একটি ব্যাগে ভরে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।


প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাপটি বিষধর নয়। তবে কীভাবে সাপটি সেখানে পৌঁছায় বা ভবনের ভেতরে ঢুকেছিল কি না, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। বর্তমানে কাজের দিক থেকেও ব্যস্ত সময় পার করছেন সালমান খান। সাপ উদ্ধারের সময় তিনি বাড়িতে উপস্থিত ছিলেন কিনা সে বিষয়টি এখন নিশ্চিত নয়।
অন্যদিকে, ২০২৫ সালে মুক্তি পাওয়া ‘সিকান্দার’ সিনেমার পর তিনি কাজ করছেন অপূর্ব লাখিয়ার ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ সিনেমায়। আগে সিনেমার নাম ছিল ‘ব্যাটেল অব গালওয়ান’। এতে সালমানকে কর্নেল বি. সন্তোষ বাবুর চরিত্রে দেখা যাবে।
এছাড়া তিনি একটি আরবি সিনেমা ‘সেভেন ডগসে’–এ সঞ্জয় দত্তের সঙ্গে ক্যামিও চরিত্রেও অভিনয় করছেন। অন্যদিকে দক্ষিণী অভিনেত্রী নয়নতারার সঙ্গেও নতুন একটি অ্যাকশনধর্মী সিনেমার শুটিং করছেন তিনি। সিনেমা পরিচালনা করছেন পরিচালক ভামশি পাইদিপল্লি।