
প্রতিনিধি 8 April 2026 , 3:21:10 প্রিন্ট সংস্করণ

বিনোদন জগতের তারকারা বরাবরই তাদের ব্যক্তিগত সম্পর্কগুলো নিয়ে লুকোচুরি করেন। মিডিয়া তো দূরের কথা, নিজেদের পছন্দের মানুষের কথা কাছের মানুষও অনেক সময় জানতে পারেন না। তবে ব্যতিক্রম শ্রীদেবী-কন্যা জাহ্নবী কাপুর। কোনো রাখঢাক বা লুকোচুপি না করেই প্রেমিককে নিয়ে কথা বলেন। আর শিখরের কথা বললে নিজের কাছে প্রশান্তিও মেলে বলে জানান।
বেশ কিছুদিন ধরেই ভারতীয় শিল্পপতি ও পোলো খেলোয়াড় শিখর পাহাড়িয়ার সঙ্গে তার মন দেওয়া-নেওয়া চলছে। সংবাদমাধ্যমসহ সব জায়গাতেই শিখরকে নিয়ে নিজের প্রেমের কথা উজাড় করে দেন তিনি।

কয়েক বছরের সম্পর্কে যে কোনো সমস্যায় বা দুশ্চিন্তায় শিখরের কাছে অনায়াসেই স্বাচ্ছন্দ্য খুঁজে পান অভিনেত্রী জাহ্নবী। ভারতের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিন্ডের নাতি শিখরের ভালোবাসা জাহ্নবীর কাছে নিরাপত্তাস্থল। তার কথায়, ‘শিখরের ভালোবাসা নিরাপত্তার মতো। শিখর আছে বলেই নিজেকে অসহায় লাগে না এখন। ওর উপস্থিতি সব সময়ে আমাকে সাহায্য করে।’
প্রেমিককে নিয়ে অভিনেত্রীর প্রশান্তি মুগ্ধ করে সবাইকে। জাহ্নবী অকপটে স্বীকার করেন, ‘ওর সামনে আমি একটা বাচ্চার মতোও থাকতে পারি। আমি আর কারও সঙ্গে এত আনন্দ পাই না।’
বলিউডের এই পাওয়ার জুটির বিয়ে নিয়ে বারবার আলোচনা উঠলেও কবে বিয়ের পিঁড়িতে বসবেন- সে বিষয় কেউই স্পষ্ট করেননি।