
প্রতিনিধি 23 January 2026 , 6:46:27 প্রিন্ট সংস্করণ

বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে দেশে ভয়শূন্য পরিবেশ নিশ্চিত করতে হবে। দলীয় নেতা হাসান মোল্লাকে ঢাকার কেরানীগঞ্জে গুলির ঘটনায়, শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব মন্তব্য করেন।

বিবৃতিতে বিএনপি মহাসচিব গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার কথা উল্লেখ করে বলেন, দেশের মানুষের জানমাল রক্ষায় দল-মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে তিনি ক্রমাবনতিশীল আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি জানান। অপরদিকে, হামলায় আহত হাসান মোল্লাসহ অন্য নেতাকর্মীদের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি তাদের পরিবার-পরিজনের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন।
বিজ্ঞপ্তিতে মির্জা ফখরুল বলেন, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর ঘাপটি মেরে থাকা দুষ্কৃতকারীরা আবার দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে নানা ধরনের অরাজকতা ঘটাচ্ছে। কেরানীগঞ্জে বিএনপি নেতাকর্মীদের ওপর গুলি চালানোর ঘটনাও সেই পরিকল্পিত অরাজকতার বহিঃপ্রকাশ।
তিনি অভিযোগ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করতেই এ ধরনের হামলা চালানো হচ্ছে বলে জনগণ মনে করছে। তিনি বলেন, এসব ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা না হলে তারা আরও বড় ধরনের নাশকতা ঘটাতে পারে।