
প্রতিনিধি 21 April 2026 , 1:37:47 প্রিন্ট সংস্করণ

ইউরোপের আসন্ন গ্রীষ্মকালীন দলবদলকে সামনে রেখে সবচেয়ে আলোচিত নামগুলোর একটি এখন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা জুলিয়ান আলভারেজ। অ্যাটলেটিকো মাদ্রিদের এই আর্জেন্টাইন ফরোয়ার্ডকে দলে ভেড়াতে আগ্রহ দেখিয়েছে ইউরোপের তিন বড় ক্লাব।
স্পেনের গণমাধ্যমের তথ্য অনুযায়ী আর্সেনাল, বার্সেলোনা এবং পিএসজি ইতোমধ্যেই আলভারেজের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। নতুন মৌসুমের পরিকল্পনায় তাকে গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে ভাবছে তারা।
বিশেষ করে বার্সেলোনার আগ্রহ সবচেয়ে বেশি বলে মনে করা হচ্ছে। ক্লাবটি তাকে রবার্ট লেভনডভস্কির দীর্ঘমেয়াদি বিকল্প হিসেবে দেখছে। প্রয়োজনে প্রায় ১০০ মিলিয়ন ইউরো পর্যন্ত খরচ করতেও প্রস্তুত কাতালানরা।
আর্সেনালও এর আগে বড় অঙ্কের প্রস্তাব দিয়েছিল। প্রায় ১০০ মিলিয়ন ইউরোর একটি অফার লন্ডনের ক্লাবটি পাঠালেও তা সরাসরি প্রত্যাখ্যান করে অ্যাটলেটিকো মাদ্রিদ। ক্লাবটির অবস্থান আলভারেজকে নিয়ে শুরু থেকেই পরিষ্কার।

কয়েক সপ্তাহ আগে আটলেটিকোর সভাপতি এনরিকে সিরেজো স্পষ্ট ভাষায় জানিয়েছেন, আলভারেজকে তারা ছাড়তে চান না। তার বক্তব্য ছিল, ক্লাব যতদিন চাইবে, ততদিনই এই ফরোয়ার্ড মাদ্রিদেই থাকবেন।
মাঠের পারফরম্যান্সও এই আগ্রহের যথেষ্ট কারণ তৈরি করেছে। চলতি মৌসুমে আলভারেজ গুরুত্বপূর্ণ সময়ে একের পর এক গোল করেছেন। লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিপক্ষে তার গোল দলকে এগিয়ে নিয়েছে। নকআউট পর্বেও টটেনহ্যাম, ক্লাব ব্রুজ ও ইন্টার মিলানের মতো দলের বিপক্ষে তিনি পার্থক্য গড়ে দিয়েছেন।
এ পর্যন্ত আটলেটিকোর জার্সিতে ১০৪ ম্যাচে ৪৮ গোল ও ১৭ অ্যাসিস্ট করেছেন এই বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড। সম্প্রতি কোপা দেল রে ফাইনালেও তিনি নাটকীয়ভাবে শেষ মুহূর্তে গোল করে ম্যাচ টাইব্রেকারে নিয়ে যান। যদিও শেষ পর্যন্ত শিরোপা হাতছাড়া হয় এবং টাইব্রেকারে তার শট মিস আলোচনার জন্ম দেয়।
সব মিলিয়ে, ইউরোপের বড় ক্লাবগুলোর আগ্রহ আর আটলেটিকোর অনড় অবস্থানের মাঝে দাঁড়িয়ে আলভারেজের ভবিষ্যৎ এখন ট্রান্সফার বাজারের অন্যতম বড় প্রশ্ন হয়ে উঠেছে।