
প্রতিনিধি 14 July 2026 , 12:56:30 প্রিন্ট সংস্করণ

বিশ্বকাপে নিজেদের ইতিহাসের সেরা পারফরম্যান্স উদযাপনে এখনও মেতে আছে মিশর। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় চলা এই আসরে তাদের জাতীয় দল শেষ ষোলো পর্যন্ত উঠেছিল।
এর আগে গত শুক্রবার এক বিশাল জনতা এবং দেশের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির দলকে উষ্ণ অভ্যর্থনার জানান। এরপর সোমবার খেলোয়াড়রা ‘১০০ মিলিয়ন ধন্যবাদ’ নামক একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নেন। সেখানে কায়রোর জাতীয় স্টেডিয়ামে একটি ছাদখোলা বাসে করে মোহামেদ সালাহরা মাঠ প্রদক্ষিণ করেন। ওই অনুষ্ঠানে হাজার হাজার সমর্থক উষ্ণ হাততালিতে খেলোয়াড়দের অভিবাদন জানান। অনুষ্ঠানে জমকালো আতশবাজি প্রদর্শনও করা হয়।

এই আয়োজনে ছিল আকর্ষণীয় সংগীত পরিবেশনা। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। ৫১ মিলিয়নেরও বেশি অনুসারী অনুষ্ঠানটি দেখেছেন। জনপ্রিয় মিশরীয় অভিনেতা ও গায়ক তামের হোসনির কনসার্টের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।
নিজেদের ইতিহাসে তৃতীয়বারের মতো বিশ্বকাপে অংশ নেয় মিশর। এবারই তারা টুর্নামেন্টের ইতিহাসে প্রথম জয়ের দেখা পায়। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ৩-১ ব্যবধানে হারানোর পর বেলজিয়াম ও ইরানের সঙ্গে ড্র করে গ্রুপ রানার্সআপ হয়ে পরের রাউন্ডে ওঠে ফারাওরা।
দ্বিতীয় রাউন্ডে তথা শেষ ৩২-এ অস্ট্রেলিয়ার বিপক্ষে নির্ধারিত সময়ে ১-১ ড্রয়ের পর পেনাল্টি শুটআউটে জয় নিয়ে কোয়ালিফাই করে মিশর। এরপর শেষ ষোলোর লড়াইয়ে আর্জেন্টিনার বিপক্ষে এক পর্যায়ে তারা ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল। কিন্তু ১৩ মিনিটের ব্যবধানে ৩ গোল হজম করে মিশর। তাতে বিদায় ঘণ্টা বেজে যায় তাদের।