
প্রতিনিধি 6 July 2026 , 4:20:47 প্রিন্ট সংস্করণ

টেস্ট সিরিজের হতাশা কাটিয়ে ওয়ানডে ক্রিকেটে নতুন করে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। সেই লক্ষ্য পূরণের পথে দারুণ শুরু করেছে টাইগার বোলাররা। হারারে স্পোর্টস ক্লাবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে আগে বোলিং নেওয়া অধিনায়ক মেহেদী হাসান মিরাজের সিদ্ধান্তকে যথার্থ প্রমাণ করেছেন বোলাররা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ে ৮ উইকেটে ৮৭ রান সংগ্রহ করেছে। শুরু থেকেই বাংলাদেশের পেস আক্রমণের সামনে চাপে পড়ে স্বাগতিক ব্যাটাররা।
ইনিংসের শুরুতে ব্রায়ান বেনেট ও বেন কারানের উদ্বোধনী জুটি কিছুটা দেখে-শুনে খেললেও তৃতীয় ওভারেই বড় সুযোগ হাতছাড়া করে বাংলাদেশ। গালিতে বেনেটের সহজ ক্যাচ ফেলে দেন রিশাদ হোসেন। তবে সেই ভুলের বড় মূল্য দিতে হয়নি টাইগারদের।

দলীয় ৩৬ রানের মধ্যেই ভেঙে যায় ওপেনিং জুটি। বেন কারান ১৮ রানে রান আউট হন মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত থ্রোতে। এরপরই তাসকিন আহমেদের ডেলিভারিতে মোসাদ্দেক হোসেনের ক্যাচে সাজঘরে ফেরেন বেনেট।
এরপর ইনোসেন্ট কাইয়া ধীরে ইনিংস গড়ার চেষ্টা করলেও তিনি ফেরেন ২৬ রান করে। তাসকিন আহমেদের বলেই প্রথম বল খেলেই বোল্ড হন ক্রেইগ এরভিন এতে আরও চাপে পড়ে জিম্বাবুয়ে।
অভিজ্ঞ সিকান্দার রাজা ব্যর্থ হন মাত্র ১ রান করে, তাকে ফেরান নাহিদ রানা। এরপর ওয়েসলি মাধেভেরে ডাক মেরে ফেরেন নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে। ক্লাইভ মাদান্দে করেন ২ রান, আর ব্র্যাডলি ইভান্সকে ৩ রানে এলবিডব্লিউ করেন নাহিদ রানা।
এরপরও ধস থামেনি স্বাগতিকদের। একের পর এক উইকেট হারিয়ে ৮ উইকেটে ৮৭ রানে ধুঁকছে জিম্বাবুয়ে। ইনোসেন্ট নিয়ামহুরি ৩ রানে এবং রিচার্ড নাগারভা ৭ রানে অপরাজিত থেকে ইনিংস টেনে নেয়ার চেষ্টা করছেন।
বাংলাদেশের বোলিং আক্রমণে সবচেয়ে উজ্জ্বল নাহিদ রানা। তিনি একাই তুলে নিয়েছেন ৫ উইকেট, যা বিদেশের মাটিতে তার ক্যারিয়ারসেরা বোলিং ফিগার।
তাসকিন আহমেদ ও অন্য বোলাররাও নিয়মিত চাপ তৈরি করে জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন।