
প্রতিনিধি 2 July 2026 , 2:09:03 প্রিন্ট সংস্করণ

বিশ্বকাপ থেকে নাটকীয় বিদায়ের পর সেনেগাল ফুটবলে বড় ধরনের ঝড় বয়ে যাচ্ছে। প্রধান কোচ পাপে থিয়াওয়ের সঙ্গে প্রকাশ্য বিরোধে জড়িয়ে জাতীয় দল থেকে ধর্মঘট বা সাময়িক অবসরের ঘোষণা দিয়েছেন সেনেগালের তারকা পাপে গেই। ভিলারিয়ালের এই ২৭ বছর বয়সী মিডফিল্ডার সাফ জানিয়ে দিয়েছেন, বর্তমান কোচিং স্টাফ দায়িত্বে থাকা অবস্থায় তিনি আর জাতীয় দলের স্কোয়াডে ফিরবেন না। বেলজিয়ামের কাছে ৩-২ গোলে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পরপরই রীতিমতো বোমা ফাটালেন তিনি।
বিশ্বকাপের শেষ ৩২-এর এই ম্যাচে মাত্র আড়াই মিনিটের ঝড়ে দুটি গোল হজম করে সেনেগাল। ফলে নিশ্চিত হতে যাওয়া শেষ ১৬-র টিকিট হাতছাড়া করে অতিরিক্ত সময়ে ৩-২ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় আফ্রিকার এই পরাশক্তি।
ম্যাচের শুরুতে হাবিব দিয়ারা এবং ইসমাইলা সারের গোলে দারুণ লিড নিয়েছিল সেনেগাল। যুক্তরাষ্ট্রের বিপক্ষে শেষ ১৬-র হাইভোল্টেজ ম্যাচে তাদের খেলা এক প্রকার নিশ্চিতই মনে হচ্ছিল। কিন্তু শেষ মুহূর্তে রোমেলু লুকাকু এবং ইউরি টাইলেমানসের গোল রুডি গার্সিয়ার বেলজিয়াম দলকে মহাবিপর্যয় থেকে বাঁচিয়ে দেয়। শেষ পর্যন্ত অ্যাস্টন ভিলা তারকা টাইলেমানস ম্যাচের ১২৫ মিনিটে পেনাল্টি আদায় করেন এবং নিজেই সফল স্পট-কিকে দলের জয় নিশ্চিত করেন।
ম্যাচ শেষে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এক বিস্ফোরক পোস্টে পেপ গেই লেখেন, ‘এই বিদায় নিয়ে কথা বলতে আমি আবারও আসব… তবে আজ আমি ঘোষণা করছি যে, যতদিন এই টেকনিক্যাল স্টাফ দায়িত্বে আছে, ততদিন আমি জাতীয় দল থেকে বিরতি নিচ্ছি।’

ম্যাচের এক ঘণ্টার মাথায়, যখন সেনেগাল ২-০ গোলে এগিয়ে ছিল, তখনই গেইকে মাঠ থেকে তুলে নেন কোচ থিয়াও। তাঁর পরিবর্তে মাঠে নামানো হয়েছিল মোনাকো মিডফিল্ডার লামিনে কামারাকে। ম্যাচের শেষ ১০ মিনিটে যেন প্রাণ ফিরে পায় বেলজিয়াম শিবির। রোমেলু লুকাকু কঠিন এক কোণ থেকে দারুণ শটে গোল করে ব্যবধান কমান। সেনেগাল সেই ধাক্কা সামলে ওঠার আগেই চরম বিপর্যয় নেমে আসে; লিয়েন্দ্রো ট্রোসার্ডের চমৎকার ক্রস থেকে হেড করে বেলজিয়ামকে সমতায় ফেরান টাইলেমানস। শেষ পর্যন্ত এই বদলি পরিকল্পনার জের ধরেই ছিটকে যেতে হয় সেনেগালকে, যা জন্ম দিয়েছে এই বড় বিতর্কের।
ম্যাচের একটা বড় সময়জুড়ে বেলজিয়াম রীতিমতো কোণঠাসা হয়ে ছিল এবং সেনেগালের দাপটে তাদের পরাজয় যখন সময়ের ব্যাপার মনে হচ্ছিল, ঠিক তখনই ম্যাচে ফেরার রাস্তা পেয়ে যায় তারা। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের একেবারে শেষ মুহূর্তে, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)-এর হস্তক্ষেপে পাওয়া পেনাল্টি থেকে গোল করে রুডি গার্সিয়ার দলের হয়ে অবিশ্বাস্য এক প্রত্যাবর্তন সম্পন্ন করেন ইউরি টাইলেমানস।
এই হৃদয়বিদারক হারের পর সেনেগালের ৪৫ বছর বয়সী কোচ পেপ থিয়াও বলেন, ‘আমরা এমন একটা ম্যাচ হেরেছি যা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। সেনেগালের মানুষের মুখে হাসি ফোটাতে আমরা কোয়ালিফাই করতে চেয়েছিলাম। আমাদের মনে হয়েছিল এই জয়টা আমাদের প্রাপ্য ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা টুর্নামেন্ট থেকে ছিটকে গেছি। আমি ভীষণ মর্মাহত, খেলোয়াড়রাও একইভাবে ভেঙে পড়েছে, কারণ তারা মন থেকে এই জয়টা চেয়েছিল।’
ইরাকের বিপক্ষে ৫-০ গোলের বড় জয়ে জোড়া গোল করা পাপে গেই-কে ম্যাচের এক ঘণ্টা পার হতেই তুলে নিয়ে কামারাকে নামানো হয়েছিল। তবে কোচ থিয়াও ইঙ্গিত দিয়েছেন যে, দলের কিছু পরিবর্তন আসলে বাধ্য হয়েই করতে হয়েছিল, কারণ খেলোয়াড়রাই নিজে থেকে মাঠ থেকে উঠে যাওয়ার অনুরোধ করেছিলেন।
এই পরিবর্তনগুলোর ব্যাখ্যায় সেনেগাল কোচ থিয়াও বলেন, ‘ওরা ক্লান্ত হয়ে পড়েছিল এবং খেলা চালিয়ে যাওয়ার মতো অবস্থায় ছিল না। এমন পরিস্থিতিতে তাদের মাঠে রেখে দেওয়াটা আমাদের পক্ষ থেকে অপেশাদারিত্ব হতো। তাই আমরা পজিশন অনুযায়ী একই ধরণের খেলোয়াড় বদলে নামাতে বাধ্য হই। স্বাভাবিকভাবেই, যখন আপনি ২-০ গোলে এগিয়ে থেকেও ম্যাচ হারবেন, মানুষ বদলি খেলোয়াড়দের নিয়ে কথা তুলবেই। কিন্তু সবকিছুকে শুধু এই একটা কারণে আটকে রাখা যায় না। এই পরিবর্তনগুলো মূলত ট্যাকটিক্যাল বা কৌশলী সিদ্ধান্তের চেয়ে ফুটবলারদের ক্লান্তির কারণেই করা হয়েছিল।’
পরের রাউন্ডে বেলজিয়াম এখন মুখোমুখি হবে যুক্তরাষ্ট্রের। মাউরিসিও পচেত্তিনোর দল বসনিয়া ও হার্জেগোভিনাকে ২-০ গোলে হারিয়ে শেষ ১৬ নিশ্চিত করেছে।