• খেলা

    ব্রাজিল ম্যাচের আগে নিজেদের বড় দুর্বলতা নিয়ে দুশ্চিন্তায় জাপান

      প্রতিনিধি 28 June 2026 , 5:57:02 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ১৯৯৮ সালে বিশ্বকাপে অভিষেকের পর থেকে এবার নিয়ে টানা অষ্টমবারের মতো বিশ্বমঞ্চে খেলছে জাপান। এই দীর্ঘ পথচলায় তাদের ইতিহাসের পাতায় যুক্ত হয়েছে দারুণ সব মাইলফলক। ২০০২ বিশ্বকাপে নিজেদের মাটিতে রাশিয়াকে হারিয়ে প্রথম জয়; বিশ্বকাপের শেষ ষোলোতে চার চারবার জায়গা করে নেওয়া, কিংবা ২০২২ বিশ্বকাপে জার্মানি আর স্পেনের মতো বিশ্ব ফুটবলের দুই পরাশক্তিকে স্তব্ধ করে দেওয়ার সেই রূপকথা-কোনোটার মহিমাই কম নয়।

    তবে জাপানি ফুটবলের ইতিহাসে কোনো অর্জনই বোধহয় আগামী সোমবার হিউস্টন স্টেডিয়ামের ম্যাচটির মতো এতোটা মহাকাব্যিক হয়ে ওঠেনি। বিশ্বকাপের নকআউট পর্বের লড়াই এমনিতেই রোমাঞ্চে ঠাসা, আর প্রতিপক্ষ যদি হয় টুর্নামেন্টের রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল—তখন তো কথাই নেই! ব্রাজিল অবশ্য তাদের আগের প্রজন্মগুলোর মতো সেই অপ্রতিরোধ্য ছন্দ এখন আর দেখাতে পারছে না, তবুও তাদের নামটাই প্রতিপক্ষের মনে সমীহ আর ভয় জাগানোর জন্য যথেষ্ট।

    খুব কম দলই বুক ফুলিয়ে বলতে পারবে যে, সেলেসাওদের বিপক্ষে নামার আগে তারা ফেভারিট। এই লড়াইয়ে আন্ডারডগ বা পিছিয়ে থেকেই মাঠে নামতে হচ্ছে ‘সামুরাই ব্লুদের’। তবে এবারের জাপান দলটা কিন্তু একটু ভিন্ন ধাতুতে গড়া। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে থেকেই তারা বুক চিতিয়ে বলে আসছে-এসেছে তারা বিশ্বজয় করতেই। নকআউট পর্বের সবচেয়ে আকর্ষণীয় এই ম্যাচটির আগে জাপানি শিবিরে তাই কোনো ভীতি নেই, বরং এক ইস্পাতকঠিন প্রতিজ্ঞা স্পষ্ট। নামী-দামি তারকাখচিত প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়াই করার সব রসদই যে তাদের আছে, সেই বিশ্বাস তাদের মনে।

    অবশ্য নিজেদের একটি দূর্বলতা ভাবাচ্ছে এশিয়ান পরাশক্তিদের। সুইডেনের বিপক্ষে ম্যাচের ৫৬ মিনিটে দারুণ এক আক্রমণ থেকে দাইজেন মায়েদার গোলে ডেডলক ভেঙেছিল জাপান। কিন্তু সেই লিড তারা ধরে রাখতে পেরেছিল মাত্র ৬ মিনিট, এরপরই হজম করতে হয় সমতাসূচক গোল।

    নেদারল্যান্ডসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচেও চিত্রটা ছিল প্রায় একই রকম। ৫৭ মিনিটে গোল করে তারা যখন ম্যাচে ১-১ সমতা ফেরাল, তার ঠিক ৭ মিনিট পরেই আবার গোল খেয়ে বসে। যদিও ম্যাচের শেষ বাঁশি বাজার ২ মিনিট আগে গোল শোধ করে সেবার নাটকীয় এক ড্র নিয়ে মাঠ ছেড়েছিল তারা।

    বিজ্ঞাপন

    সুইডেনের বিপক্ষে ম্যাচের শেষে জর্জ বুশ ইন্টারকন্টিনেন্টাল এয়ারপোর্টে পা রেখেই ইএসপিএন-কে সাফল্য, লক্ষ্য সহ বিভিন্ন প্রসঙ্গে কথা বলেন জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের (জেএফএ) সভাপতি সুনেইয়াসু মিয়ামোতো। বিশ্বকাপের ইতিহাসে ব্রাজিলের বিপক্ষে এই ম্যাচই ‘সামুরাই ব্লু’দের সবচেয়ে বড় ম্যাচ কি না—এমন প্রশ্নে মিয়ামোতো মৃদু হেসে উত্তর দিলেন, “হ্যাঁ… হতেও পারে।”

    লিড নিয়েই জাপানের গোল হজমের সমস্যা নিয়ে মিয়ামোতো বলেন, ‘গোল করার ঠিক পরপরই আমরা প্রায়ই গোল হজম করে বসছি। এই জায়গাটাতে আমাদের আরও অনেক কাজ করার আছে। এই ধরনের পরিস্থিতিগুলো আমাদের দ্রুত শুধরে নিতে হবে।’

    জাপানের খেলোয়াড় কিংবা কোচ হাজিমে মোরিয়াসু—সবার কণ্ঠেই বিশ্বকাপ শুরুর আগেই বারবার প্রতিধ্বনিত হচ্ছে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরার স্বপ্নের কথা। তবে একটা পরিসংখ্যান ভুলে গেলে চলবে না, জাপান ফুটবল দল বিশ্বকাপের ইতিহাসে কখনোই শেষ ১৬-এর বৈতরণী পার হতে পারেনি। অনেকের চোখেই এবার প্রথমবার কোয়ার্টার ফাইনালে ওঠাই হতে পারে দলটির জন্য বিশাল এক অর্জন। তবে জেএফএ প্রধান মিয়ামোতো এখনই দলের সাফল্যের কোনো সীমানা টেনে দিতে রাজি নন।

    ২০০২ বিশ্বকাপে খেলা এবং ২০০৬ বিশ্বকাপে জাপান দলকে নেতৃত্ব সাবেক এই অধিনায়ক যোগ করেন, ‘আমরা এর আগে কখনোই কোয়ার্টার ফাইনালে পৌঁছাতে পারিনি—তাই প্রথম লক্ষ্য তো সেটাই। তবে আমরা জানি, দল চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই এখানে এসেছে। আর (জেএফএ হিসেবে) তাদের এই বড় স্বপ্নকে আমরা সবটুকু দিয়ে সমর্থন জোগাব।’

    বিশ্বকাপের মঞ্চে এর আগে মাত্র একবারই ব্রাজিলের মুখোমুখি হয়েছিল জাপান। সেটি ২০০৬ আসরে, যেখানে নিষেধাজ্ঞা থাকায় এশিয়া পরাশক্তিদের হয়ে ৪-১ গোলের হারের ম্যাচে মাঠে নামা হয়নি মিয়ামোতোর।

    খুব বেশিদিন আগের কথা নয়, গত অক্টোবরেই দুই দলের সর্বশেষ দেখায় এক ঐতিহাসিক জয় পেয়েছিল জাপান। নিজেদের মাঠে অনুষ্ঠিত সেই প্রীতি ম্যাচে প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ৩-২ ব্যবধানে ব্রাজিলকে হারিয়েছিল সামুরাই ব্লুরা। ব্রাজিলের বিপক্ষে জাপানের ফুটবল ইতিহাসেই সেটি ছিল প্রথম জয়।

    আগামীকাল বাংলাদেশ সময় রাত ১১টায় ব্রাজিলের বিপক্ষে নতুন স্বপ্ন নিয়ে মাঠে নামবে জাপান। একদিকে হেক্সা মিশনের স্বপ্নে বিভোর পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন সেলেসাওরা। অন্যদিকে ইতিহাস বদলে দিতে মরিয়া এশিয়ান পরাশক্তি ‘সামুরাই ব্লু’। হিউস্টন স্টেডিয়ামের মহারণই শেষ পর্যন্ত ঠিক করে দেবে—সুনেইয়াসু মিয়ামোতোর দলের বিশ্বজয়ের হুঙ্কার কেবলই স্বপ্ন, নাকি মাঠের নতুন এক রূপকথা!

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:57 PM ব্রাজিল ম্যাচের আগে নিজেদের বড় দুর্বলতা নিয়ে দুশ্চিন্তায় জাপান 4:52 PM বিকেএসপি পরিচালনা বোর্ডের ৪০তম সভা অনুষ্ঠিত 4:49 PM আর্জেন্টিনার জয়ে তারকাদের উচ্ছ্বাস: সে কখনো হতাশ করে না 4:20 PM বিশ্বকাপ ইতিহাসের এক ‘অভিশাপ’ কাটাল আর্জেন্টিনা 3:37 PM জার্মানির জন্য কোনো উপদেশ নেই ইংল্যান্ডের জার্মান কোচের 2:12 PM বাংলাদেশের জন্য আমার পূর্ণ ভালোবাসা: এমিলিয়ানো মার্তিনেজ 1:54 PM অমিত-হৃদয়ের অভিষেক, টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ 1:20 PM রোনালদোদের রুখে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন কলম্বিয়া 12:09 PM চূড়ান্ত বিশ্বকাপের রাউন্ড অব ৩২, কবে কখন ম্যাচ 11:52 AM অদ্ভুত সমীকরণের সামনে আর্জেন্টিনা, সব ম্যাচ জিতলেই শিরোপা অধরা!