
প্রতিনিধি 13 May 2026 , 3:09:51 প্রিন্ট সংস্করণ

২৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ আরও ৯৬ জন বঞ্চিত প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (১৩ মে) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশের ভিত্তিতে তাদের নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্তদের আগামী ১৮ মে-এর মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগের নির্ধারিত কার্যালয়ে যোগদান করতে হবে। নির্ধারিত তারিখের মধ্যে যোগদান না করলে সংশ্লিষ্ট প্রার্থী চাকরিতে যোগদানে অনিচ্ছুক বলে বিবেচিত হবেন এবং তার নিয়োগপত্র বাতিল বলে গণ্য হবে।


এতে আরও জানানো হয়, জ্যেষ্ঠতা সংক্রান্ত সুবিধা অক্ষুণ্ন রাখার স্বার্থে এই নিয়োগপ্রাপ্তদের ক্ষেত্রে তাদের ব্যাচের প্রথম নিয়োগ প্রজ্ঞাপন যে তারিখে জারি করা হয়েছিল, সেই তারিখ থেকেই ভূতাপেক্ষিকভাবে নিয়োগ কার্যকর হবে। অর্থাৎ ব্যাচের প্রথম নিয়োগের তারিখ থেকে তাদের ধারণাগত জ্যেষ্ঠতা গণনা করা হবে।

তবে এই ভূতাপেক্ষিক কার্যকারিতার কারণে তারা কোনো ধরনের বকেয়া আর্থিক সুবিধা পাবেন না।
