
প্রতিনিধি 16 April 2026 , 12:52:24 প্রিন্ট সংস্করণ

পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের কর্মপরিকল্পনা তুলে ধরেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে এই পরিকল্পনা তুলে ধরেন তিনি।
চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের টেবিলে উপস্থাপিত এক তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, সরকারি দপ্তরে জনবল সংকট কাটাতে ইতোমধ্যে ৬ মাস, ১ বছর ও ৫ বছর মেয়াদি বিশেষ রোডম্যাপ তৈরি করা হয়েছে। এই পরিকল্পনার আওতায় আগামী ৬ মাসের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ২ হাজার ৮৭৯টি, ১ বছরের মধ্যে ৪ হাজার ৪৫৯টি এবং ৫ বছরের মধ্যে ৩ হাজার ১১০টি শূন্যপদে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে।

প্রতিমন্ত্রী আরও জানান, সরকারের লক্ষ্য হলো স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে মোট ৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ করা। এই প্রক্রিয়া এগিয়ে নিতে সব মন্ত্রণালয় ও বিভাগকে তাদের নিয়োগের সর্বশেষ অবস্থা ও শূন্যপদের তথ্য পাঠানোর জন্য চিঠি দেয়া হয়েছে।
স্ট্যাটিসটিক্স অফ পাবলিক সার্ভেন্টস ২০২৪’ এর তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে সরকারি চাকরিতে মোট ৪ লাখ ৬৮ হাজার ২২০টি পদ শূন্য রয়েছে। এর মধ্যে প্রথম থেকে নবম গ্রেডে ৬৮ হাজার ৮৮৪টি, দশম থেকে দ্বাদশ গ্রেডে ১ লাখ ২৯ হাজার ১৬৬টি এবং অন্যান্য গ্রেডগুলোতেও বড় সংখ্যার পদ খালি রয়েছে। এই বিশাল শূন্যপদ পূরণের মাধ্যমে প্রশাসনিক গতিশীলতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার।