
প্রতিনিধি 31 March 2026 , 6:25:32 প্রিন্ট সংস্করণ

আজ মঙ্গলবার ৩১ মার্চ, দুপুরে দীর্ঘদিন ধরে পদোন্নতি বঞ্চিত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের একদল কর্মকর্তা বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ প্রার্থনা করে আবেদন জানাতে যান। তাদের উদ্দেশ্য ছিল দীর্ঘদিনের বঞ্চনা, প্রশাসনিক জটিলতা এবং ন্যায্য দাবিগুলো তুলে ধরা।
তবে আনুষ্ঠানিক সাক্ষাতের আগেই তারা আকস্মিকভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে অনানুষ্ঠানিকভাবে সাক্ষাতের সুযোগ পান। এ সময় কর্মকর্তারা সরাসরি তাদের লিখিত আবেদন প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই আন্তরিকতার সঙ্গে তিনি আবেদনটি গ্রহণ করেন।

অনাড়ম্বর এই সাক্ষাতে পদোন্নতি বঞ্চিত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তারা তাদের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরেন। তারা প্রশাসনিক বৈষম্য, পদোন্নতি-সংক্রান্ত জটিলতা এবং দীর্ঘদিন ধরে চলমান মানবিক সংকটের বিষয়গুলো প্রধানমন্ত্রীর নজরে আনেন।
প্রধানমন্ত্রী অত্যন্ত মনোযোগসহকারে তাদের বক্তব্য শোনেন এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। একই সঙ্গে তিনি অভিযোগসম্বলিত লিখিত আবেদন গ্রহণ করেন এবং সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনার ইঙ্গিত দেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন ধরে পদোন্নতি না পাওয়ায় বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের অনেক কর্মকর্তা পেশাগত ও ব্যক্তিগত জীবনে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাদের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে এ সমস্যার দ্রুত সমাধান হবে।