
প্রতিনিধি 24 March 2026 , 12:17:35 প্রিন্ট সংস্করণ

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস (ডব্লিউসিএল)-এর তৃতীয় আসরে অংশ নিতে যাচ্ছে ‘বাংলাদেশ চ্যাম্পিয়ন্স’। নতুন একটি দল যুক্ত হওয়ায় এবারের টুর্নামেন্ট আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আকর্ষণীয় হবে বলে আশা করছেন আয়োজকরা। এই লিগে লাল-সবুজের জার্সিতে খেলবেন আশরাফুল-মাহমুদউল্লাহরা।
এর আগে এই টুর্নামেন্টে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ক্রিকেটারদের সমন্বয়ে গঠিত দলগুলো অংশ নিয়েছে। এবার বাংলাদেশের অন্তর্ভুক্তির ফলে অংশগ্রহণকারী দলের সংখ্যা বেড়ে সাতে দাঁড়াল।

অবসরপ্রাপ্ত কিংবদন্তি ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এই লিগ ইতোমধ্যেই বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। যুবরাজ সিং, এবি ডি ভিলিয়ার্স, ব্রেট লি, মোহাম্মদ হাফিজ ও ক্রিস গেইলদের মতো তারকারা আগের আসরগুলোতে অংশ নিয়ে টুর্নামেন্টটির আকর্ষণ বাড়িয়েছেন। আয়োজকদের বিশ্বাস, বাংলাদেশের সংযুক্তি ২০২৬ আসরে প্রতিযোগিতার মান আরও উন্নত করবে এবং বৈশ্বিক দর্শকপ্রিয়তা বাড়াবে।
বিশ্বের অন্যতম দর্শকপ্রিয় ক্রিকেট লিগ হিসেবে পরিচিত ডব্লিউসিএল খুব অল্প সময়েই বড় পরিসরের দর্শকগোষ্ঠী গড়ে তুলেছে। উদ্বোধনী আসর উপভোগ করেছেন ৩২৫ মিলিয়নের বেশি দর্শক, আর দ্বিতীয় আসরে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪২৩.১ মিলিয়নে- যা টুর্নামেন্টটির দ্রুত বৈশ্বিক বিস্তারের প্রমাণ।
ডব্লিউসিএলের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী হার্শিত তোমর জানান, গত দুই বছর ধরে সমর্থকদের জোরালো আগ্রহ ও অনুরোধের পরই বাংলাদেশ দলকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
‘বাংলাদেশ চ্যাম্পিয়ন্স’-এর প্রতিনিধিত্বকারী জেসিইউকে স্পোর্টস লিমিটেডের পরিচালক ইউনুস হাসান এই অন্তর্ভুক্তিকে দেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এক বিশেষ মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন। তার মতে, এর মাধ্যমে দেশ-বিদেশের সমর্থকদের সঙ্গে বাংলাদেশের ক্রিকেটের সংযোগ আরও মজবুত হবে।