
প্রতিনিধি 21 February 2026 , 12:02:09 প্রিন্ট সংস্করণ

একুশের প্রথম প্রহরে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় শহিদ মিনারে একুশের প্রথম প্রহরে প্রথমেই ভাষা শহিদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
পরে পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান ভাষা আন্দোলনের শহিদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শহিদদের স্মরণে দাঁড়িয়ে নীরবতা পালনের পাশাপাশি দোয়া মোনাজাতে অংশ নেন তিনি।
এরপর মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নিয়ে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তারেক রহমান।

পরবর্তীতে সাবেক প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে পরিবারের সদস্যদের নিয়ে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সঙ্গে স্ত্রী জুবাইদা রহমান ছাড়াও কন্যা জাইমা রহমান উপস্থিত ছিলেন।
এদিন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর তিন বাহিনীর প্রধানরাও ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় শহিদদের স্মরণে দাঁড়িয়ে নীরবতা পালনের পাশাপাশি দোয়া মোনাজাতে অংশ নেন তারা।
এর আগে কেন্দ্রীয় শহিদ মিনারে পৌঁছালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। এ সময় বিভিন্ন দপ্তরের মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।