
প্রতিনিধি 24 June 2026 , 4:37:57 প্রিন্ট সংস্করণ

চোটের অন্ধকার পেরিয়ে আবারও আলোয় ফিরছেন নেইমার জুনিয়র। স্কটল্যান্ডের বিপক্ষে পুরো ৯০ মিনিট খেলার জন্য প্রস্তুত ব্রাজিলের এই মহাতারকা; এমনটাই জানিয়েছেন জাতীয় দলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। নেইমারের প্রত্যাবর্তনে নতুন করে প্রাণ ফিরে পেয়েছে সর্বশেষ ২০০২ সালে বিশ্বকাপজয়ী ব্রাজিল শিবির।
বাংলাদেশ সময় বুধবার (২৪ জুন) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন কার্লো আনচেলত্তি। তিনি জানান, দীর্ঘ ইনজুরি কাটিয়ে পুরোপুরি ফিট হয়ে উঠেছেন এই তারকা ফরোয়ার্ড। স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ গ্রুপ পর্বের শেষ ম্যাচে তিনি চাইলে পুরো ৯০ মিনিটই খেলতে পারেন।

চোটের কারণে বিশ্বকাপের ২৩তম আসরে এখন পর্যন্ত সবুজ গালিচায় পা রাখতে পারেননি নেইমার। কাঁধের পেশির চোটে তিনি ব্রাজিলের প্রথম দুই ম্যাচে মরক্কো ও হাইতির বিপক্ষে মাঠে নামতে পারেননি। তবে এখন তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে দলে ফিরেছেন বলে জানিয়েছেন কোচ।
দলের অন্যতম ভরসা নেইমার প্রসঙ্গে আনচেলত্তি বলেন, ‘সে খুব ভালো অবস্থায় আছে। এই সপ্তাহে দারুণ অনুশীলন করেছে। সে সম্পূর্ণ ফিট এবং খেলতে প্রস্তুত। আমরা খুশি যে সে ফিরে এসেছে। সে একজন দুর্দান্ত ফুটবলার।’
তিনি আরও বলেন, ‘তার মানসিকতা খুব ভালো, সে খুব সিরিয়াস। সে কঠোর পরিশ্রম করেছে এবং দলে ফেরার জন্য প্রস্তুত।’
বিশ্বকাপ গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে এই ম্যাচটি ব্রাজিলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জয় পেলে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করবে সেলেসাওরা। যুক্তরাষ্ট্রের মায়ামিতে আগামীকাল (২৫ জুন) মাঠে নামবে দুদল।