
প্রতিনিধি 5 July 2026 , 5:35:47 প্রিন্ট সংস্করণ

মেক্সিকোর বিপক্ষে ইংল্যান্ডের ম্যাচকে ঘিরে উঠে এসেছে চমকপ্রদ এক আলোচনা। মেক্সিকো সিটির উচ্চতার প্রভাব মোকাবিলায় ভায়াগ্রা ব্যবহারের সম্ভাবনা নিয়ে চলছে কথাবার্তা।
মেক্সিকো সিটির অ্যাজটেক স্টেডিয়াম সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২২০০ মিটার উঁচুতে অবস্থিত। এই উচ্চতায় অক্সিজেনের ঘাটতির কারণে খেলোয়াড়দের দ্রুত ক্লান্তি, শ্বাস নিতে কষ্ট এবং পারফরম্যান্স কমে যাওয়ার ঝুঁকি থাকে। বিশেষ করে যেসব দল আগে থেকে মানিয়ে নিতে পারে না, তাদের জন্য বিষয়টি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

এই প্রেক্ষাপটে ভায়াগ্রার উপাদান সিলডেনাফিল নিয়ে আলোচনা শুরু হয়েছে। চিকিৎসাবিজ্ঞানের কিছু গবেষণায় দেখা গেছে, এটি ফুসফুসের রক্তনালী প্রসারিত করতে পারে, যা উচ্চতায় অক্সিজেন গ্রহণে কিছুটা সহায়তা করতে পারে।
গুরুত্বপূর্ণ বিষয় হলো, বিশ্ব অ্যান্টি ডোপিং সংস্থার ২০২৬ সালের নিষিদ্ধ তালিকায় সিলডেনাফিল নেই। ফলে চিকিৎসকদের তত্ত্বাবধানে এটি ব্যবহার করলে ডোপিং নিয়ম ভঙ্গ হবে না।
অবশ্য পর্যন্ত ইংল্যান্ড দল এই ওষুধ ব্যবহার করবে— এমন কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ব্রিটিশ গণমাধ্যমে বিষয়টি মূলত সম্ভাবনা এবং নিয়মের দিক থেকে তুলে ধরা হয়েছে।
অন্যদিকে, এই ম্যাচে মেক্সিকোর বড় সুবিধা তাদের অভ্যস্ততা। উচ্চতায় খেলার অভিজ্ঞতা থাকায় শারীরিকভাবে এগিয়ে থাকবে স্বাগতিকরা। ঘরের মাঠ ও সমর্থকদের সমর্থনও তাদের আত্মবিশ্বাস বাড়াচ্ছে।
সব মিলিয়ে, ইংল্যান্ডের জন্য এটি শুধু একটি ফুটবল ম্যাচ নয়, বরং শারীরিক ও মানসিক সহনশীলতার বড় পরীক্ষা হতে যাচ্ছে।