
প্রতিনিধি 2 July 2026 , 6:14:16 প্রিন্ট সংস্করণ

ফিফা বিশ্বকাপে যখন মেতেছে পুরো বিশ্ব, ঠিক তখনই ফুটবল বিশ্বকে স্তব্ধ করে দিল এক বিষাদের খবর। ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযানে প্রাণ হারিয়েছেন ফিলিস্তিনি গোলকিপার সালিম আল-আশকার। বিষয়টি নিশ্চিত করেছে ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ)।
কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হন আল-আশকার। মাত্র পাঁচ মাস আগে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। আল-আশকারের স্ত্রী বর্তমানে তাদের প্রথম সন্তানের অপেক্ষায় আছেন।

গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসভিত্তিক খাদামাত খান ইউনিস ক্লাবে খেলতেন আল-আশকার। এই গোলকিপারের মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে ফিলিস্তিনের ক্রীড়াঙ্গনে।
ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ১ হাজারেরও বেশি ফিলিস্তিনি ক্রীড়াবিদ নিহত হয়েছেন, আল-আশকার তাঁদেরই একজন।
আল-আশকারের এই মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি দিয়েছে চিলির ফুটবল ক্লাব দেপোর্তিভো পালেস্তিনো, ‘৩২ বছর বয়সী ফিলিস্তিনি গোলকিপার সালিম আল-আশকার-এর এই মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় তিনি নিহত হয়েছেন। একের পর এক ঘটে চলা এমন নৃশংস ঘটনার পুনরাবৃত্তিতে আমরা মর্মাহত। আমরা অবিলম্বে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং শান্তি পুনরুদ্ধারের আহ্বান জানাচ্ছি।’