
প্রতিনিধি 20 April 2026 , 12:06:37 প্রিন্ট সংস্করণ

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা বগুড়া সফরে গেলেন তারেক রহমান।
সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় বগুড়া শহরের সাতমাথায় পৌঁছেন তিনি।
এদিন সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে তিনি বগুড়ার উদ্দেশে রওনা দেন।
জানা গেছে, দিনব্যাপী সফরে তিনি দেশের ১৩তম সিটি করপোরেশন হিসেবে ‘বগুড়া সিটি করপোরেশন’-এর ফলক উন্মোচন করবেন। পাশাপাশি জেলার বিভিন্ন উন্নয়নমূলক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাওয়া সফরসূচি অনুযায়ী, সকাল ১১টায় জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের ফলক উন্মোচন, সোয়া ১১টায় জজ আদালতের ই-বেইলবন্ড উদ্বোধন এবং সাড়ে ১১টায় বগুড়া পৌরসভাকে নবগঠিত সিটি করপোরেশনে উন্নীত করার ফলক উন্মোচন করবেন তিনি। পরে বেলা পৌনে ১২টায় শহর থেকে গাবতলীর বাগবাড়ীর উদ্দেশে রওনা হয়ে পৌনে ১টায় জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হামের টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন।
এরপর বিকেল ৪টায় শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। জনসভা শেষে তিনি বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন এবং বায়তুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন। সব কর্মসূচি শেষে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার আগে সন্ধ্যা সাড়ে ৬টায় বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে যাত্রাবিরতি করবেন তিনি।