
প্রতিনিধি 25 July 2026 , 6:25:23 প্রিন্ট সংস্করণ

বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার হারের পর দেশটির প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভ প্রকাশ করেছেন। টুর্নামেন্টের পরবর্তী আসরগুলো থেকে আর্জেন্টিনাকে নিষিদ্ধ করার দাবিতে অনলাইনে এক পিটিশন চালু হওয়ার পর এই বিতর্কের সূত্রপাত হয়।
স্পেনের বিপক্ষে ফাইনালে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের করা জয়সূচক গোলে হারতে হয় আর্জেন্টিনাকে। পুরো ম্যাচে নানা ধরনের বিশৃঙ্খলা ও শৃঙ্খলাভঙ্গের সম্মুখীন হতে হয় আলবিসেলেস্তাদের।
ম্যাচ শেষে ‘আর্জেন্টিনা আউট’ নামের একটি অনলাইন প্রচারণায় প্রায় ১৭০টি দেশের সমর্থকদের কাছ থেকে ২ কোটি ৩৩ লাখ ১৬ হাজার ১০৮টি যাচাইকৃত স্বাক্ষর সংগ্রহ করা হয়। এই প্রচারণায় ভবিষ্যতে আর্জেন্টিনাকে বিশ্বকাপে অংশগ্রহণ থেকে বাদ দেওয়ার দাবি জানানো হয় এবং যুক্তি দেওয়া হয় যে, মাঠের ভেতর তাদের এ ধরনের আচরণ ফুটবলের নান্দনিক ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে।
তবে সামাজিক মাধ্যমে একের পর এক পোস্ট দিয়ে এর কড়া জবাব দিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই। জাতীয় দলের পাশে দাঁড়িয়ে এবং চলমান সব সমালোচনার কড়া সমালোচনা করে তিনি লিখেছেন, ‘আপনার কি কোনো শত্রু আছে? তার মানে আপনি কখনও কোনো কিছুর পক্ষে শক্ত অবস্থান নিয়েছিলেন। আমরা আর্জেন্টিনার পক্ষে লড়ে যাচ্ছি।’

ইনস্টাগ্রামে অন্য এক পোস্টে মিলেই লেখেন, ‘আর্জেন্টিনার মূল সমস্যা হলো আমরা আলাদাভাবে নজর কাড়ি। আমাদের পাশ কাটিয়ে যাওয়া অসম্ভব, মানুষ আমাদের দেখে হিংসা করে এবং আমরা প্রায় সব কিছুতেই সেরা।’
এর আগে আর্জেন্টিনার ফুটবলার লিয়ান্দ্রো পারেদেস স্বীকার করেন, বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া স্পেন শিরোপা শতভাগ দাবিদার ছিল। সেই সঙ্গে এই মিডফিল্ডার যোগ করেন, ফাইনাল হারের এই যন্ত্রণা দীর্ঘকাল তাদের বয়ে বেড়াতে হবে।
অনেকের অভিযোগ ম্যাচের শেষ বাঁশি বাজার পর এবং স্পেন ১-০ গোলে চ্যাম্পিয়ন হওয়ার পর বিতর্ক আর বিশৃঙ্খলার কেন্দ্রবিন্দুতে ছিলেন এই পারেদেসই। স্প্যানিশ তারকা এরিক গার্সিয়া ও গাভির সঙ্গে তিনি হাতাহাতিতে জড়িয়ে পড়েন।
ইএসপিএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে আর্জেন্টিনার পারেদেস বলেন, স্পেন তাদের দ্বিতীয় বিশ্বমুকুট পাওয়ার মতোই খেলেছে এবং তাদের হার নিয়ে ইন্টারনেটে ছড়িয়ে পড়া কোনো ধরনের ‘ষড়যন্ত্র তত্ত্বে’ কান দিচ্ছে না আর্জেন্টিনা দল।
২০২৬ বিশ্বকাপে দলের যাত্রা নিয়ে পারেদেস বলেন, ‘দল পুরো আসরে অসাধারণ খেলেছে। গত আট বছরে দুটি কোপা আমেরিকা এবং ২০২২ সালের বিশ্বকাপ ট্রফিসহ তারা যা অর্জন করেছে, তা এক অসাধারণ পথচলা। বোকা জুনির্সের এই তারকা আরও যোগ করেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে হয়তো আমরা বুঝতে পারব আমরা ঠিক কতটা বড় সাফল্য অর্জন করেছি, কারণ যা কিছু ঘটেছে তা সত্যিই অবিশ্বাস্য।’