
প্রতিনিধি 5 July 2026 , 11:34:49 প্রিন্ট সংস্করণ

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে আজ নরওয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বড় স্বস্তির খবর পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। সেলেসাও কোচ কার্লো আনচেলত্তি নিশ্চিত করেছেন, চোট কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন উইঙ্গার রাফিনিয়া।
২০ জুন হাইতির বিপক্ষে গ্রুপপর্বের ম্যাচে চোটে পড়েছিলেন রাফিনিয়া। ম্যাচের ৪০ মিনিটে ডান উরুতে অস্বস্তি বোধ করলে মাঠ ছেড়ে যান। চোট কাটিয়ে উঠতে জাতীয় দলের মেডিকেল টিমের তত্ত্বাবধানে দিনে নিবিড় পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যান রাফিনিয়া। এমনকি দল যখন অন্য শহরে ম্যাচ খেলতে গিয়েছিল, তখনো তিনি নিউইয়র্কের অনুশীলন ঘাঁটিতে থেকে দলে ফিরতে মনোযোগ দেন।
আজ রাত দুইটায় নরওয়ের বিপক্ষে ব্রাজিলের ম্যাচ। কোয়ার্টার ফাইনাল নিশ্চিতের এই ম্যাচের আগে মেটলাইফ স্টেডিয়ামে সংবাদ সম্মেলন করেন ব্রাজিল কোচ আনচেলত্তি। সেখানেই তিনি কথা বলেন রাফিনিয়ার ফেরার বিষয়ে।
আনচেলত্তি বলেন, ‘রাফিনিয়ার শারীরিক অবস্থার অনেক উন্নতি হয়েছে। ও হয়তো এখনো শতভাগ ফিট নয়, তবে ও কিছু সময়ের জন্য মাঠে নেমে দলকে সাহায্য করতে পারবে।’

কয়েক দিন আগেও যেখানে রাফিনহার এই ম্যাচে ফেরাটা অসম্ভব মনে হচ্ছিল, সেখান থেকে তার এই প্রত্যাবর্তন সবাইকে অবাক করেছে। আর্লিং হলান্ডের নরওয়ের বিপক্ষে রাফিনিয়া নিশ্চিতভাবেই ব্রাজিলের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেবেন।
ধারণা করা হচ্ছে, ম্যাচের শুরুতে রাফিনিয়া সাইডবেঞ্চে থাকবেন। তবে ম্যাচের গতি পরিবর্তন করতে এবং প্রতিপক্ষের রক্ষণভাগ ভাঙতে বদলি হিসেবে তিনি হতে পারেন ব্রাজিলের প্রধান অস্ত্র।
সবশেষ জাপান ম্যাচে বদলি খেলোয়াড়রা পার্থক্য গড়ে দেন। ৬৫ মিনিটে বদলি নামা গ্যাব্রিয়েল মার্টিনেলির গোলেই শেষ ষোলে নিশ্চিত করে ব্রাজিল। দ্বিতীয়ার্ধের শুরুতে নেমে ঝলক দেখান এন্ড্রিকও।
আনচেলত্তি ইঙ্গিত দিয়েছেন নরওয়ে ম্যাচেও রাফিনিয়া, এন্ড্রিক, নেইমার জুনিয়র এবং মার্টিনেল্লির মতো ফুটবলাররা ম্যাচের ভাগ্য নির্ধারণে যেকোনো মুহূর্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। ব্রাজিল কোচ বলেন, ‘ম্যাচ কেবল ৯০ মিনিটেই শেষ হয়ে যায় না। খেলা অতিরিক্ত সময়েও গড়াতে পারে।’
তবে ব্রাজিল দলে হতাশার খবর, লুকাস পাকেতার ছিটকে যাওয়া। জাপানের বিপক্ষে শেষ ৩২’র ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে এই মিডফিল্ডারের খেলা নিয়ে রয়েছে সংশয়। তার জায়গায় কাকে খেলানো যায়, তা নিয়ে এখনো ভাবছেন আনচেলত্তি।