• খেলা

    নকআউট শুরুর পর ফাইনালে কোন দুই দলকে দেখছে সুপারকম্পিউটার?

      প্রতিনিধি 29 June 2026 , 6:23:46 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিশ্বকাপ শুরুর আগে ফুটবল পণ্ডিতদের নানা ভবিষ্যদ্বাণী আর হিসাব-নিকাশ থাকলেও নকআউট পর্ব শুরু হতেই শিরোপার পথ এখন অনেকটাই পরিষ্কার। ৪৮টি দল নিয়ে মাঠের লড়াই শুরু হলেও প্রথম পর্বের ছাঁটাই শেষে টুর্নামেন্ট এখন ঠেকেছে ৩২ দলের টানটান উত্তেজনার নকআউটে। শেষ বত্রিশের প্রতিপক্ষ চূড়ান্ত হওয়ার পাশাপাশি পরের ধাপগুলোতে কে কার মুখোমুখি হতে পারে, সেই সমীকরণও এখন স্পষ্ট। স্বাভাবিকভাবেই কৃত্রিম বুদ্ধিমত্তার গাণিতিক হিসাব-নিকাশগুলো এখন আগের চেয়ে অনেক বেশি বাস্তবসম্মত ধারণা দিচ্ছে।

    ক্রীড়া পরিসংখ্যান ও ডাটা বিশ্লেষক প্রতিষ্ঠান ‘অপটা অ্যানালিস্টের’ অত্যাধুনিক সুপারকম্পিউটারের সক্ষমতা ইতিমধ্যেই প্রমাণিত। রাউন্ড অব থার্টি টুর প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কানাডা জয় পাবে বলে যে আগাম আভাস এটি দিয়েছিল, মাঠের লড়াইয়ে হুবহু তা-ই ঘটেছে। আর প্রথম ম্যাচের এই ফল মেলার পরই অপটার সুপারকম্পিউটার বাকি ম্যাচগুলোর চুলচেরা বিশ্লেষণ করে বের করেছে- এবারের ২০২৬ ফিফা বিশ্বকাপের মেগা ফাইনালে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি কোন দুই দলের।

    সুপারকম্পিউটারের সর্বশেষ গাণিতিক পূর্বাভাস অনুযায়ী, এবারের মেগা ফাইনালে যাওয়ার এবং ট্রফি ছোঁয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স এবং লিওনেল মেসির বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শতাংশের হিসাবে ফাইনালের টিকিট কাটার লড়াইয়ে এই দুই পরাশক্তিই বিশ্বমঞ্চের বাকি সব দলকে পেছনে ফেলে দিয়েছে।

    পরিসংখ্যান বলছে, শেষ বত্রিশের বাধা টপকে ফ্রান্সের শেষ ষোলোতে ওঠার সম্ভাবনা ৮১.৫ শতাংশ। এছাড়া কিলিয়ান এমবাপ্পেদের কোয়ার্টার ফাইনালে যাওয়ার সম্ভাবনা ৫৮.৩ শতাংশ, সেমিফাইনালে ৪২.৭ শতাংশ এবং ফাইনালে ওঠার সম্ভাবনা ২৮.৪ শতাংশ। আর সব সমীকরণ মিলিয়ে ফ্রান্সের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা ১৮.৭ শতাংশ, যা টুর্নামেন্টে টিকে থাকা বাকি সব দলের চেয়ে সর্বোচ্চ।

    বিজ্ঞাপন

    ফ্রান্স শিরোপা জয়ের দৌড়ে চূড়ান্তভাবে এগিয়ে থাকলেও নকআউট পর্বের অন্যান্য কঠিন ধাপগুলো পার হওয়ার ক্ষেত্রে সবচেয়ে নিরাপদ অবস্থানে রয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। রাউন্ড অব থার্টি টুতে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ কেপ ভার্দেকে পাওয়া আলবিসেলেস্তেরা শেষ ষোলোর পথে সবচেয়ে বেশি ‘নিরাপদ’- যেখানে তাদের জেতার সম্ভাবনা ৮৯.২ শতাংশ। শুধু তা-ই নয়, কোয়ার্টার ফাইনাল (৭০.৫%), সেমিফাইনাল (৪৯.৬%) এবং ফাইনালে (৩০%) ওঠার সম্ভাবনার দিক থেকেও ফরাসিদের চেয়ে এগিয়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরাই। সুপারকম্পিউটারের এই সূচক স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে, ফাইনালে ওঠার লড়াইয়ে আর্জেন্টিনার পাল্লা ফ্রান্সের চেয়েও ভারী, যদিও ফাইনালের মহারণে ট্রফি ছোঁয়ার চূড়ান্ত মুহূর্তে ফরাসিরাই কিছুটা এগিয়ে।

    এই তালিকার তৃতীয় স্থানে শক্তিশালী অবস্থান ধরে রেখেছে স্পেন, যাদের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ১৩.৫ শতাংশ। হ্যারি কেইনদের ইংল্যান্ড ৯.৭ শতাংশ সম্ভাবনা নিয়ে আছে চতুর্থ স্থানে। অন্যদিকে, নেইমার ও ভিনিসিয়ুস জুনিয়রের ব্রাজিলকে নিয়ে সুপারকম্পিউটার খুব একটা ভরসা দেখাতে পারেনি; সেলেসাওদের শিরোপা জয়ের সম্ভাবনা মাত্র ৬.৫ শতাংশ।

    এছাড়া অন্যান্য পরাশক্তিদের মধ্যে নেদারল্যান্ডসের শিরোপা জয়ের সম্ভাবনা ৫.১ শতাংশ, ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের ৪.৭ শতাংশ এবং চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির সম্ভাবনা ৪.৪ শতাংশ। তবে ডার্ক হর্স হিসেবে সমীকরণ বদলে দিতে পারে কলম্বিয়া (৩.২%), আর্লিং হলান্ডের নরওয়ে (৩%), স্বাগতিক যুক্তরাষ্ট্র (২.৫%) ও সুইজারল্যান্ড (২.২%)। অন্যদিকে তিন আয়োজক দেশের অন্যতম মেক্সিকোর শিরোপা জয়ের সম্ভাবনা ১.৮ শতাংশ। গত আসরের সেমিফাইনালিস্ট মরক্কো এবং বেলজিয়ামের সম্ভাবনা সমান ১.৬ শতাংশ এবং এশিয়ান পরাশক্তি জাপানের ট্রফি জয়ের সম্ভাবনা মাত্র ১ শতাংশ। তবে মনে রাখতে হবে, এটি কেবলই গাণিতিক পরিসংখ্যান; মাঠের ৯০ মিনিটে যেকোনো মুহূর্তেই ওলটপালট হয়ে যেতে পারে সুপারকম্পিউটারের এই নিখুঁত হিসাব।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:23 PM নকআউট শুরুর পর ফাইনালে কোন দুই দলকে দেখছে সুপারকম্পিউটার? 6:07 PM বিতর্কিত রেফারির হাতে ব্রাজিল-জাপান মহারণ 5:40 PM রহস্যই থেকে গেল ‘কাটা লাগা’ গার্ল শেফালির মৃত্যু 5:11 PM ১ জুলাই থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের রেজিস্ট্রেশন শুরু 5:03 PM সন্তান হারানোর বেদনা নিয়ে মরক্কোর বিপক্ষে মাঠে নামবেন ডাচ তারকা 4:45 PM পর্তুগিজ গণমাধ্যমে রোনালদোর তীব্র সমালোচনা 2:29 PM রাউন্ড অব ৩২ থেকে শেষ ষোলোয় যাবে কারা, ভবিষ্যদ্বাণী করল সুপার কম্পিউটার 2:01 PM বিশ্বকাপ শেষেই বিয়ে করতে পারেন রোনালদো 1:44 PM জাপান ম্যাচ ব্রাজিলের জন্য ফাইনাল- আনচেলত্তি 12:49 PM বিশ্বকাপে মেসির সমান গোলও করতে পারেনি ৩০ দেশ