
প্রতিনিধি 15 June 2026 , 4:52:06 প্রিন্ট সংস্করণ

২০২৬ বিশ্বকাপ সবে শুরু হয়েছে। এরই মধ্যে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে উন্মাদনা। একে একে দলগুলো নামছে শিরোপার জেতার লক্ষ্য নিয়ে। আর ভক্তরা নজর রাখছেন তাদের প্রিয় তারকাদের প্রতিটি পদক্ষেপের ওপর। বড় তারকাদের ছোটখাটো কিছুও অনেক সময় বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়।
সম্প্রতি রোনালদোর স্ত্রী জর্জিনা রদ্রিগেজ তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছোট ভিডিও পোস্ট করেন। ভিডিওতে তাদের এক কন্যাকে একটি ট্রাইসাইকেল চালাতে দেখা যাচ্ছিল। পরিবারের সাধারণ একটি মুহূর্ত হলেও, ভক্তদের চোখে ধরা পড়ে এক বিশেষ বিষয়।
মেয়েটির পরনে ছিল এমন একটি টি-শার্ট, যার রঙ এবং নকশা অনেকেই আর্জেন্টিনার জার্সির সঙ্গে মিল দেখছেন, পেছন থেকে করা ভিডিও দেখে অনেকেই বলে দিচ্ছেন এটি আর্জেন্টিনারই জার্সি। ডেনিম শর্টসের সঙ্গে সেই পোশাকটি দ্রুতই আলোচনার কেন্দ্রে চলে আসে। বিশেষ করে এমন সময়ে- যখন বিশ্বকাপ মঞ্চে মেসি-রোনালদো আবারও একই সঙ্গে পাদপ্রদীপের আলোয় এবং একে অপরের প্রতিন্দ্বন্দ্বীও।

যদিও ওই পোস্টে টুর্নামেন্ট বা কোনো দেশের নাম উল্লেখ ছিল না, তবুও নেটিজেনরা মুহূর্তেই সেটিকে বিশ্বকাপের সঙ্গে জুড়ে দিয়েছেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই ছবি দেখে অনেকে মন্তব্য করছেন, জার্সিটির রঙ হয়তো আর্জেন্টিনার প্রতি সমর্থনেরই প্রতীক। স্বাভাবিকভাবেই, দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী মেসি ও রোনালদোর ভক্তদের মধ্যে এটি নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
ভক্তদের এমন প্রতিক্রিয়ার কারণও সহজেই অনুমেয়। প্রায় দুই দশক ধরে মেসি ও রোনালদো, বিশ্ব ফুটবলের সবচেয়ে প্রভাবশালী প্রতিদ্বন্দ্বিতার কিংবা দ্বৈরথের জন্ম দিয়েছেন। যদিও মাঠের বাইরে এই দুই তারকা সব সময় একে অপরের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেছেন। তবুও তাদের ক্যারিয়ারের তুলনা নিয়ে বিশ্বজুড়ে যে বিতর্ক, তা ক্লাব বা লিগের সীমানা ছাড়িয়ে অনেক আগেই বিশ্বজনীন রূপ পেয়েছে।
২০২৬ বিশ্বকাপ তাদের আবারও একই মঞ্চে নিয়ে এসেছে। লিওনেল স্কালোনির আর্জেন্টিনা বুধবার আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের শিরোপা রক্ষার মিশন শুরু করবে। কাতার বিশ্বকাপের পুনরাবৃত্তি করতে চায় তারা। অন্যদিকে, পর্তুগাল নিজেদের প্রথম ম্যাচে ১৭ জুন ডি আর কঙ্গোর মুখোমুখি হবে।
দুই কিংবদন্তিই তাদের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নেমেছেন। যা আসরটিকে ফুটবলপ্রেমীদের কাছে আরও বিশেষ করে তুলেছে। দুই মহাতারকাকে ঘিরে প্রতিটি ম্যাচ, প্রতিটি মন্তব্য বা সাধারণ মুহূর্ত বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার খোরাক জোগায়। রোনালদোর মেয়ের পরা এই টি-শার্ট নিয়ে বিতর্ক তারই একটি ক্ষুদ্র উদাহরণ।