
প্রতিনিধি 22 June 2026 , 3:10:34 প্রিন্ট সংস্করণ

বিশ্বকাপের গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে একটু ভিন্ন আবহে দেখা গেল লিওনেল মেসিকে। অনুশীলনের ব্যস্ততা থেকে কিছুটা সময় বের করে সতীর্থ রদ্রিগো ডি পলকে নিয়ে হাজির হয়েছিলেন হেয়ার স্টাইলিস্টের কাছে। সেখানে নতুন করে সাজিয়ে নিয়েছেন নিজেদের পরিচিত লুক।
অবশ্য মেসির পরিবর্তন খুব নাটকীয় নয়। বিশ্বকাপে কিছুটা বড় চুল নিয়ে এসেছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। এবার সেটিকে ছেঁটে ফিরেছেন তার বহুদিনের পরিচিত, পরিপাটি স্টাইলে।
আর্জেন্টিনা দলের দীর্ঘদিনের হেয়ারস্টাইলিস্ট ড্যানি আলে সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের নতুন লুকের ছবি প্রকাশ করেছেন।


মেসির সঙ্গে ছিলেন তার ঘনিষ্ঠ বন্ধু ডি পলও। তবে মিডফিল্ডারের নতুন লুকেও ছিল পরিমিতির ছাপ। ছোট করে ছাঁটা চুলের ক্লাসিক স্টাইলই বেছে নিয়েছেন তিনি। কয়েক বছর আগের মতো আর দেখা যাচ্ছে না বেণি, রঙ করা অংশ কিংবা লম্বা চুলের পরীক্ষা-নিরীক্ষা।
দ্বিতীয় বিশ্বকাপ খেলতে আসা ডি পল এবার শুরু থেকে ধরে রেখেছেন সাদামাটা এই চেহারা। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগেও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন তিনি।
ড্যানি আলের প্রকাশ করা ছবিতে দুজনকেই দেখা গেছে হাস্যোজ্জ্বল ও নির্ভার মেজাজে। মাঠের বাইরে স্বস্তির সেই মুহূর্ত যেন দলের আত্মবিশ্বাসেরই প্রতিফলন।
অস্ট্রিয়ার বিপক্ষে জয় পেলে শেষ ৩২-এ ওঠার পথ আরও সহজ হয়ে যাবে আর্জেন্টিনার। সেই ম্যাচের আগে নতুন চেহারায় যেন নতুন উদ্যমেই প্রস্তুত মেসি ও ডি পল।
ডালাস স্টেডিয়ামে বাংলাদেশ সময় সোমবার রাত ১১টায় শুরু হবে আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ।