
প্রতিনিধি 10 May 2026 , 3:44:04 প্রিন্ট সংস্করণ

অন্তর্বর্তী সরকারের আমলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এর আওতায় প্রাথমিকভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর পূর্ব কার্যকলাপ, কাগজপত্র ও ডকুমেন্টস যাচাইয়ে জরুরি নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ইতোমধ্যে এসব প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন শুরু হয়েছে।
রোববার (১০ মে) শিক্ষা অধিদপ্তর থেকে জেলা শিক্ষা অফিসারদের পাঠানো চিঠি থেকে এসব তথ্য জানা যায়।

চিঠিতে বলা হয়েছে, সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এ প্রাথমিকভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর পুলিশি তদন্তের মাধ্যমে পূর্ব কার্যকলাপ যাচাই এবং ডকুমেন্টস ও কাগজপত্রের সত্যতা যাচাই করতে। এই নির্দেশনা বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিগত সরকারের আমলেই এই নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছিল।
উল্লেখ্য, পার্বত্য তিন জেলা ছাড়া দেশের ৬১ জেলায় গত ৯ জানুয়ারি সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থীর মধ্য থেকে চূড়ান্তভাবে নির্বাচিত হন ১৪ হাজার ৩৮৪ জন।