
প্রতিনিধি 4 May 2026 , 6:21:02 প্রিন্ট সংস্করণ

আট বছর পর দক্ষিণ কোরিয়ায় খেলতে যাচ্ছে উত্তর কোরিয়ার কোনো ক্রীড়া দল। এশিয়ান উইমেনস চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে উত্তর কোরিয়ার নেগোহিয়াং উইমেনস এফসি মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়ার সুওন এফসি উইমেনের।
দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে সোমবার জানানো হয়, ম্যাচটি হবে ২০ মে। নেগোহিয়াং উইমেনস এফসির হয়ে ২৭ খেলোয়াড় ও ১২ কর্মকর্তার একটি প্রতিনিধিদল দক্ষিণ কোরিয়ায় যাবে।
উত্তর কোরিয়ার প্রতিনিধিদল ১৭ মে দক্ষিণ কোরিয়ায় পৌঁছাবে। সেমিফাইনাল ম্যাচটি সুওনে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় শুরু হওয়ার কথা।
উত্তর কোরিয়ার কোনো ক্রীড়া দলের দক্ষিণ কোরিয়া সফর সাম্প্রতিক সময়ে বিরল ঘটনা। এর আগে ২০১৮ সালে পিয়ংচাং শীতকালীন অলিম্পিকসহ কয়েকটি প্রতিযোগিতায় অংশ নিতে উত্তর কোরিয়া দক্ষিণে ক্রীড়াবিদ পাঠিয়েছিল। ওই অলিম্পিকে দুই কোরিয়া প্রথমবারের মতো যৌথ নারী আইস হকি দলও গঠন করেছিল।

তবে সাম্প্রতিক বছরগুলোতে দুই কোরিয়ার সম্পর্ক অবনতি হয়েছে। উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়াকে নিজেদের ‘সবচেয়ে শত্রুভাবাপন্ন রাষ্ট্র’ হিসেবে উল্লেখ করেছে এবং পুনরায় এক হওয়ার লক্ষ্য থেকেও সরে আসার ঘোষণা দিয়েছে।
এই প্রেক্ষাপটে নেগোহিয়াংয়ের সফরকে ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। যদিও দক্ষিণ কোরিয়ার একীকরণ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, এটি দুই কোরিয়ার দ্বিপক্ষীয় আয়োজন নয়, বরং আন্তর্জাতিক ক্লাব প্রতিযোগিতা। তাই সরকার সরাসরি বড় ভূমিকা নেবে না। তবে সফরকালে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।
২০ মে সুওনে এশিয়ান উইমেনস চ্যাম্পিয়নস লিগের দুটি সেমিফাইনাল হবে। নেগোহিয়াং-সুওন ম্যাচের বিজয়ী দল ফাইনালে খেলবে মেলবোর্ন সিটি অথবা টোকিও ভার্দির বিপক্ষে। ফাইনালও হবে সুওনে, ২৩ মে।
সেমিফাইনালে হারলে উত্তর কোরিয়ার দল পরদিন দেশে ফিরে যাবে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার একীকরণ মন্ত্রণালয়।