
প্রতিনিধি 6 February 2026 , 7:08:53 প্রিন্ট সংস্করণ

জামায়াত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে, আর কাউকে লুটপাট করতে দেবো না। মুখে হাত ভরে দিয়ে সব বের করে নিয়ে আনবো। এ সময় যারা জনগণের টাকা চুরি ও ডাকাতি করেছে,-তাদের কোনো ছাড় দেয়া হবে না বলে জানান দলের আমীর ডা. শফিকুর রহমান। শুক্রবার (৬ জানুয়ারি) বিকাল ৪টায় পিরোজপুর শহরের জেলা স্কুল মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, যারা জনগণের সরকার চায় না, দেশকে গোলাম বানিয়ে রাখতে চায় তারা এক্স অ্যাকাউন্ট হ্যাকের পর মিথ্যাচার করছে। তাদের ক্ষমা করে দিলাম। বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, অতীতে অনেক মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি হয়েছে। আমার দেশে ২৮ লক্ষ কোটি টাকা চুরি করে পাচার করেছে স্বৈরাচার সরকার। এই টাকার মালিক জনগণ। তরুণ প্রজন্মকে উদ্দেশ্য করে জামায়াত আমীর বলেন, জুলাই আন্দোলনে ছাত্র-জনতা বেকার ভাতা চায়নি, তারা কাজের অধিকার চেয়েছিল।
যুব সমাজকে আশ্বস্ত করে তিনি আরও বলেন, আমরা যুব সমাজকে কথা দিচ্ছি, ইনশাআল্লাহ তাদের সঠিক শিক্ষা এবং পর্যাপ্ত প্রশিক্ষণ দিয়ে পেশাগত দক্ষ করে তোলা হবে। এরপর তাদের হাতে যোগ্য সম্মানজনক কাজ তুলে দেয়া হবে। এসময় তিনি স্পষ্ট করেন যে, যোগ্যতা ও দেশপ্রেমই হবে সরকারি চাকরিতে নিয়োগের একমাত্র মাপকাঠি।

নারীদের প্রতি সম্মান ও নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরে তিনি বলেন, মায়েদের মর্যাদা অক্ষুণ্ন রাখতে হবে। মায়ের অপমান এ জাতি সহ্য করবে না। ঘর থেকে শুরু করে কর্মস্থল-সব জায়গায় নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি তিনি ঘোষণা করেন, বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান বা উপজাতি বলে কোনো ভেদাভেদ থাকবে না, নাগরিক হিসেবে সবাই সমান অধিকার ভোগ করবে।
আগামী ১২ তারিখের নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে জামায়াত আমীর বলেন, আপনাদের প্রিয় নেতা দেলাওয়ার হোসেন সাঈদীসহ জুলাই আন্দোলনের শহীদদের বিচার করার জন্য জামায়াতে ইসলামীকে ভোট দিবেন। আগামী ১২ তারিখের নির্বাচন হবে নতুন বাংলাদেশ নির্মাণের নির্বাচন।
জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, লেবার পার্টি চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান। পিরোজপুর-১ আসনের জামায়াতের প্রার্থী মাসুদ সাঈদী, পিরোজপুর-২ আসনের জামায়াত প্রার্থী শামীম সাঈদী ও পিরোজপুর-৩ আসনের এনসিপি প্রার্থী ড. শামীম হামিদীসহ, ১১ দলীয় ঐক্যজোটের নেতৃবৃন্দ।