• খেলা

    অবসর ভেঙে বিশ্বকাপে ফিরছেন ম্যানুয়েল নয়ার

      প্রতিনিধি 21 May 2026 , 6:18:40 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার দুই বছর পর জার্মানি দলে ফিরতে যাচ্ছেন ম্যানুয়েল নয়ার। ৪০ বছর বয়সি বায়ার্ন মিউনিখ গোলরক্ষককে ২০২৬ বিশ্বকাপের ২৬ সদস্যের দলে রাখার পথে জার্মানি কোচ জুলিয়ান নাগেলসমান। বৃহস্পতিবার দল ঘোষণা করার কথা তার।

    ২০২৪ ইউরোর পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছিলেন নয়ার। তবে উত্তর আমেরিকার বিশ্বকাপের আগে সেই সিদ্ধান্ত বদলে আবারও জার্মানির গোলপোস্টে ফেরার অপেক্ষায় তিনি। দলে জায়গা পেলে এটি হবে তার পঞ্চম বিশ্বকাপ।

    ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে প্রথম খেলেছিলেন নয়ার। এরপর ২০১৪ সালে ব্রাজিলে জার্মানির বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ছিলেন তিনি। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপেও জার্মানি দলে ছিলেন, যদিও দুই আসরেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

    জার্মানির হয়ে ১২৪ ম্যাচ খেলেছেন নয়ার। দেশটির ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলা গোলরক্ষকও তিনি। এবারের বিশ্বকাপে খেললে জার্মানির হয়ে সবচেয়ে বেশি বয়সে খেলা ফুটবলারের রেকর্ডও গড়বেন। রেকর্ডটি এখন লোথার ম্যাথাউসের, যিনি ২০০০ ইউরোতে ৩৯ বছর বয়সে খেলেছিলেন।

    ফেব্রুয়ারিতেও জাতীয় দলে ফেরার সম্ভাবনা উড়িয়ে দিয়েছিলেন নয়ার। নাগেলসমানও এতদিন প্রকাশ্যে সমর্থন দিয়ে এসেছেন অলিভার বাউমানকে। নয়ারের অবসরের পর হফেনহাইমের এই গোলরক্ষকই জার্মানির এক নম্বর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

    বিজ্ঞাপন

    তবে শেষ পর্যন্ত পরিস্থিতি বদলে যাচ্ছে। নয়ার ফিরলে বাউমান বিশ্বকাপে যাবেন ব্যাকআপ গোলরক্ষক হিসেবে। নাগেলসমান তিনজন গোলরক্ষক নিলে স্টুটগার্টের আলেক্সান্ডার নুবেল অথবা বায়ার্নের জোনাস উরবিগের একজনকে বাদ পড়তে হতে পারে।

    নয়ারের ফেরার সিদ্ধান্তকে সাহসী হলেও ঝুঁকিপূর্ণ হিসেবেও দেখা হচ্ছে। অভিজ্ঞতা, নেতৃত্ব ও বড় মঞ্চের সাফল্যের দিক থেকে তিনি এখনও জার্মানির সবচেয়ে বড় নাম। তবে সাম্প্রতিক বছরগুলোতে তার চোটের সমস্যাও কম নয়। বিশ্বকাপের ঘন সূচিতে ৪০ বছর বয়সী গোলরক্ষক কতটা ফিট থাকবেন, সেটি বড় প্রশ্ন।

    বায়ার্নের হয়ে অবশ্য মৌসুমটা ভালোই কাটিয়েছেন নয়ার। ক্লাবের সঙ্গে এক বছরের নতুন চুক্তি করেছেন, জিতেছেন বুন্দেসলিগা। বায়ার্ন পৌঁছেছিল চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালেও।

    তবু জার্মানিতে প্রতিক্রিয়া মিশ্র। অনেকেই নয়ারের অভিজ্ঞতাকে স্বাগত জানালেও বাউমানকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে সমালোচনা আছে। জার্মান সংবাদমাধ্যম বিল্ডের এক জরিপে অংশ নেওয়া বড় অংশের সমর্থকই বাউমানকে গোলপোস্টে রাখার পক্ষে মত দিয়েছেন।

    জার্মানি বিশ্বকাপ শুরু করবে হিউস্টনে কুরাসাওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে। তাদের গ্রুপে আরও আছে আইভরি কোস্ট ও ইকুয়েডর। নাগেলসমানের দলের জন্য টুর্নামেন্টটা এমনিতেই বড় পরীক্ষা। তার ওপর নয়ারের অবসর ভেঙে ফেরা সেই গল্পে যোগ করল নতুন নাটকীয়তা।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:14 PM বিশ্বকাপের মধ্যেই ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত ফিলিস্তিনি গোলকিপার 5:46 PM যুক্তরাষ্ট্রে আস্ত স্টেডিয়াম কিনলেন শাহরুখ খান 5:26 PM মেসির জন্মদিনে চিঠি লিখে স্বপ্ন পূরণ হলো ৮ বছরের খুদে মানুর 4:55 PM যুক্তরাষ্ট্রের ফুটবলার লাল কার্ড দেখায় ১২ কোটি টাকার পিজ্জা উপহার 3:43 PM পাঁচ শব্দে রোনালদোর বার্তা 3:11 PM কার্লো আনচেলত্তি: তৈরি থাকুন, আমরা আসছি-নরওয়ের কোচের হুমকি 2:09 PM কোচের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা সেনেগাল তারকা ফুটবলারের 1:51 PM ‘ওয়ান লাস্ট ডান্স’ কার? 12:43 PM বিশ্বকাপ বিদায়ের পর বাবাকেও হারালেন কঙ্গোর কোচ 12:22 PM চোটাক্রান্ত পাকেতার বদলি কি নিতে পারবে ব্রাজিল?