
প্রতিনিধি 23 April 2026 , 11:12:02 প্রিন্ট সংস্করণ

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুইটি শেষে ১-১ সমতা চলায় বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তৃতীয় ও শেষ ওয়ানডে পরিণত হয়েছে অলিখিত ফাইনালে। মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে নিউজিল্যান্ড।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সকাল ১১ টায় শুরু হতে যাওয়া এই ম্যাচে একাদশে একটি পরিবর্তন এনেছে নিউজিল্যান্ড। ব্লেয়ার টিকনারের পরিবর্তে দলে প্রবেশ করেছেন বেন লিস্টার। আর বাংলাদেশ এনেছে দুইটি পরিবর্তন। রিশাদ হোসেন ও তাসকিন আহমেদের জায়গায় সুযোগ পেয়েছেন তানভির ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
এর আগে, নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে প্রথম ওয়ানডেতে ২৬ রানে হেরেছিল বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৬ উইকেটের জয়ে দারুণভাবে ঘুড়ে দাঁড়ায় টাইগাররা।

এ নিয়ে ঘরের মাঠে টানা তৃতীয় সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ জিতেছিল টাইগাররা। বাংলাদেশ প্রথম ম্যাচে কিছুটা ছন্দহীন ছিল এবং পরিচিত কন্ডিশনেও তারা সংগ্রাম করেছে। তবে দ্বিতীয় ম্যাচে চিত্রটা নাটকীয়ভাবে বদলে যায়, যার বড় কারণ ছিল তরুণ পেসার নাহিদ রানার আগুনঝরা বোলিং স্পেল।
রানা ৩২ রানে ৫ উইকেট সংগ্রহ করে। এর মাধ্যমে ক্যারিয়ারে ১০ম ওয়ানডেতে দ্বিতীয়বারের মত ৫ উইকেট তুলে নেয় রানা। তার গতি ও তীব্রতা নিউজিল্যান্ডের ব্যাটারদের ভুগিয়েছে।
চট্টগ্রামের উইকেট ঐতিহ্যগতভাবে ব্যাটারদের পক্ষে সহায়ক, যেখানে প্রায়ই বড় স্কোরের ম্যাচ দেখা যায়। মিরপুরের ধীরগতির পিচের তুলনায় এটি ভিন্ন। এ পর্যন্ত দুই দলের মধ্যে অনুষ্ঠিত ৪৮ ম্যাচের মধ্যে নিউজিল্যান্ড ৩৫টিতে জিতেছে। বাংলাদেশ জিতেছে ১২টি ম্যাচে, আর একটি ম্যাচ ফলাফল ছাড়াই শেষ হয়েছে।
দুই দলের একাদশ
নিউজিল্যান্ড: হেনরি নিকোলস, নিক কেলি, উইল ইয়াং, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটকিপার), মুহাম্মদ আব্বাস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন, নাথান স্মিথ, জেডেন লেনক্স, উইলিয়াম ও’রুর্ক ও বেন লিস্টার।
বাংলাদেশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, সাইফ হাসান, নাজমুল হোসেন, লিটন দাস, তাওহিদ হৃদয়, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, সৌম্য সরকার, তানভীর ইসলাম ও নাহিদ রানা।