
প্রতিনিধি 29 June 2026 , 5:03:33 প্রিন্ট সংস্করণ

বিশ্বকাপের নকআউট পর্বে মরক্কোর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ব্যক্তিগত জীবনে বড় এক শোকের মুখোমুখি হয়েছেন নেদারল্যান্ডসের ফরোয়ার্ড কোডি গাকপো। গর্ভাবস্থার পঞ্চম মাসে অনাগত সন্তানকে হারিয়েছেন লিভারপুল তারকা ও তার সঙ্গী নোয়া ভ্যান ডার বিজ। হৃদয়বিদারক এই ঘটনার মধ্যেও জাতীয় দলের ক্যাম্প না ছেড়ে বিশ্বকাপ মিশন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন গাকপো।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় এ খবর জানান নোয়া ভ্যান ডার বিজ। তিনি লেখেন, ভারাক্রান্ত হৃদয়ে আমরা জানাচ্ছি যে, গর্ভাবস্থায় আমাদের সন্তান মারা গেছে। এই কঠিন সময়ে আমাদের প্রতি ভালোবাসা ও সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ। এলাইজা রাফায়েল গাকপো, চিরকাল ভালোবাসায়, চিরকাল আমাদের সন্তান।
নোয়ার এই ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে গাকপো ও তার পরিবারের প্রতি সমবেদনা জানাতে শুরু করেন অসংখ্য সমর্থক, সতীর্থ এবং ফুটবল-সংশ্লিষ্ট ব্যক্তিরা। কঠিন এই সময়ে তাদের প্রতি সমর্থনের বার্তায় ভরে ওঠে বিভিন্ন প্ল্যাটফর্ম।


নেদারল্যান্ডস ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা রয়্যাল ডাচ ফুটবল অ্যাসোসিয়েশন (কেএনভিবি)ও গাকপোর পাশে থাকার কথা জানিয়েছে। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, এটি খেলোয়াড়ের জীবনের অত্যন্ত বেদনাদায়ক একটি ব্যক্তিগত মুহূর্ত। গাকপো ও তার পরিবারকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেয়া হচ্ছে। একই সঙ্গে তাদের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান দেখানোরও আহ্বান জানানো হয়েছে।
ব্যক্তিগত এই অপূরণীয় ক্ষতির পরও জাতীয় দলের ক্যাম্প না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন গাকপো। দলের সঙ্গেই থাকছেন তিনি এবং আজ রাতে মরক্কোর বিপক্ষে বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে শুরুর একাদশে থাকার সম্ভাবনাও রয়েছে।
চলতি বিশ্বকাপে নেদারল্যান্ডসের হয়ে দারুণ ছন্দে আছেন লিভারপুলের এই ফরোয়ার্ড। এখন পর্যন্ত দলের প্রতিটি ম্যাচেই প্রথম একাদশে খেলেছেন তিনি। বিশেষ করে সুইডেনের বিপক্ষে ৫-১ গোলের জয়ে জোড়া গোল করে দলের বড় জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন গাকপো।
বিশ্বকাপের মতো বড় আসরে দেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি ব্যক্তিগত জীবনের গভীর শোক বহন করে মাঠে নামার সিদ্ধান্ত গাকপোর মানসিক দৃঢ়তারই পরিচয় বহন করে। এখন দেখার বিষয়, কঠিন এই সময়েও তিনি মরক্কোর বিপক্ষে নেদারল্যান্ডসের আক্রমণভাগে কতটা প্রভাব ফেলতে পারেন।