
প্রতিনিধি 3 May 2026 , 11:40:53 প্রিন্ট সংস্করণ

সিলেটের দক্ষিণ সুরমার তেলিবাজারে ট্রাক ও পিকআপের সংঘর্ষে নারীসহ ৮ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই নির্মাণশ্রমিক বলে জানা গেছে।
রোববার (৩ মে) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের তেলিবাজারে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ৮ জনের মধ্যে ৪ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন-সিলেটের জালালাবাদ থানার সুজাত আলীর ছেলে বদরুল (৩০), সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মৃত খরম আলীর ছেলে মো. সুরুজ আলী (৬০), একই গ্রামের আব্দুল বাসিরের মেয়ে মোছা.মুন্নি (৩৫), মৃত নূর সালামের ছেলে ফরিদুল (৩৫)। তাদের বেশিরভাগের বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের বলে জানা গেছে। তারা বিল্ডিংয়ের ছাদ ঢালাইয়ের কাজে যাচ্ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে একটি পিকআপে করে বেশ কয়েকজন শ্রমিক সিলেট থেকে সুনামগঞ্জে যাচ্ছিলেন। তেলিবাজার এলাকায় যাওয়ার পর উল্টোদিক থেকে আসা কাঁঠালভর্তি একটি ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই ৪ জন শ্রমিক নিহত হন। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন জন ও উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে একজন মারা যারা যান।
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম বলেন, নিহতদের মধ্যে ৬ জন পুরুষ ও দুজন নারী। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই ৪ জন মারা যান। বাকি ৪ জন হাসপাতালে মারা যান। দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহতদের পরিচয় নিশ্চিতে পুলিশ কাজ করছে।