
প্রতিনিধি 25 March 2026 , 6:13:10 প্রিন্ট সংস্করণ

সংসদের বিশেষ কমিটির দুই দিনব্যাপী বৈঠকের দ্বিতীয় দিনে ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ১২০টির বিষয়ে একমত হয়েছেন কমিটির সদস্যরা। তবে গণভোট, দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং পুলিশ কমিশনসহ গুরুত্বপূর্ণ কিছু অধ্যাদেশ নিয়ে সরকারি দল বিএনপি ও বিরোধী দল জামায়াতের মধ্যে মতপার্থক্য তৈরি হয়েছে। বিতর্কিত বিষয়গুলো নিয়ে আগামী ৩০ মার্চ পুনরায় বৈঠকে বসবে কমিটি।
বুধবার (২৫ মার্চ) দুপুরে জাতীয় সংসদ ভবনে বিশেষ কমিটির দ্বিতীয় দিনের বৈঠক অনুষ্ঠিত হয়। ঘণ্টা ব্যাপী এই বৈঠক শেষে কমিটির সদস্য ও মন্ত্রীরা সাংবাদিকদের এসব তথ্য জানান।
বৈঠক শেষে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানান, ১৩৩টি অধ্যাদেশের প্রায় সবগুলো নিয়েই বিস্তারিত আলোচনা হয়েছে। এর মধ্যে ১২০টি অধ্যাদেশের বিষয়ে সবাই একমত হয়েছেন। বাকি ১৩টি বিষয়ে এখনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই সনদকে প্রাধান্য দিয়ে এবং সংবিধান সমুন্নত রেখেই বিলগুলো সংসদে উত্থাপন করা হবে। জুলাই যোদ্ধাদের বিষয়ে সবাই একমত। তবে কিছু বিষয়ে আলোচনা চলমান আছে, যা আগামী ২৯ বা ৩০ তারিখের বৈঠকে চূড়ান্ত হতে পারে।
কমিটির বিরোধীদলীয় সদস্য রফিকুল ইসলাম খান অভিযোগ করেন, ১১৫টি অধ্যাদেশে তারা একমত হলেও গণভোট, দুদক ও পুলিশ কমিশনের মতো গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো বিএনপি সরকার রহিত করার প্রস্তাব করেছে। তিনি বলেন, গণভোট নিয়ে আমাদের একমত হওয়া সম্ভব হয়নি। দুদক ও পুলিশ কমিশন বিষয়েও আমরা সরকারের বর্তমান প্রস্তাবের সঙ্গে একমত হতে পারছি না। প্রায় ১৮ থেকে ২০টি বিষয় নিয়ে পরে আলোচনার প্রয়োজন রয়েছে।
অন্যদিকে, জামায়াতের অভিযোগ সঠিক নয় দাবি করে কমিটির সভাপতি জয়নুল আবদীন বলেন, গণভোট রহিত করার বিষয়ে জামায়াত মিথ্যা বলছে। এ নিয়ে তেমন কোনো আলোচনা হয়নি। আমরা সংবিধান মোতাবেক আগাচ্ছি। যেগুলো প্রস্তাব করা দরকার, সেগুলোই আলোচনায় রাখা হয়েছে।
কমিটির সভাপতি জয়নুল আবদীন আরও জানান, যেসব বিষয়ে একমতে পৌঁছানো সম্ভব হচ্ছে না, সেগুলো নিয়ে সরাসরি সংসদে আলোচনা হবে এবং সংসদই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তিনি বলেন, আমরা প্রতিটি বিষয় চুলচেরা বিশ্লেষণ করছি। আগামী ৩০ মার্চ রাতে আবারও আলোচনা চলবে।