
প্রতিনিধি 18 March 2026 , 6:30:21 প্রিন্ট সংস্করণ

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে রাজধানীর আগারগাঁও পুরানো বাণিজ্য মেলার মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ঈদের দিন সকাল ৮টায় এই জামাত অনুষ্ঠিত হবে। বুধবার (১৮ মার্চ) দুপুরে মেলা মাঠে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান, ঢাকা উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম খান।

প্রশাসক জানান, বাণিজ্য মেলার এই সুবিশাল মাঠে একসঙ্গে ১০ হাজার মানুষ ঈদের নামাজ আদায় করতে পারবেন। সাধারণ মুসল্লিদের পাশাপাশি নারীদের জন্যও নামাজের বিশেষ ব্যবস্থা থাকছে। প্রায় ৫০০ থেকে ৬০০ নারী আলাদাভাবে নামাজ আদায়ের সুযোগ পাবেন এই জামাতে। এখানে একটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
চৈত্রের আবহাওয়ায় বৃষ্টির আশঙ্কার বিষয়টি মাথায় রেখে প্যান্ডেল ও মাঠের প্রস্তুতি সাজানো হয়েছে। বৃষ্টির কারণে যেন নামাজে কোনো বিঘ্ন না ঘটে, সেভাবে সব ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া ভিআইপিদের জন্য আলাদাভাবে ছাতার ব্যবস্থাও রাখা হবে।
ঢাকা উত্তর সিটির প্রশাসক জানান, মেলার মাঠে নামাজের সব প্রস্তুতি এখন প্রায় শেষের পথে। ঈদ জামাতকে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তার ঘাটতি নেই। মুসল্লিরা যেন নির্বিঘ্নে ও স্বস্তিতে নামাজ আদায় করতে পারেন, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সিটি কর্পোরেশনের স্বেচ্ছাসেবীরা তৎপর থাকবেন।