
প্রতিনিধি 24 June 2026 , 6:08:20 প্রিন্ট সংস্করণ

অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে ‘জে’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিতের সঙ্গে নকআউট পর্বের টিকিটও কেটে ফেলেছে আর্জেন্টিনা। প্রথম লক্ষ্য পূরণ হওয়ায় এবার কোচ লিওনেল স্কালোনি একটু নির্ভার হয়ে পরিকল্পনা সাজাচ্ছেন। নকআউট পর্বের কঠিন লড়াইয়ের আগে দলের প্রধান তারকাদের বিশ্রাম দিয়ে বেঞ্চের শক্তি ঝালিয়ে নেওয়ার সেরা সুযোগ জর্ডানের বিপক্ষে।
টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন, আগামী শনিবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আর্জেন্টিনা দলে আসতে যাচ্ছে বড়সড় পরিবর্তন। কানসাসের ট্রেনিং গ্রাউন্ডে মঙ্গলবারের অনুশীলনেই স্কালোনির এই ভাবনার স্পষ্ট আভাস মিলেছে। এদিন দুই ভাগে অনুশীলন করেছে তারা। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে যারা শুরুর একাদশে ছিলেন, তাঁরা মাঠে না নেমে জিমনেসিয়ামে কেবল শরীর সচল রাখার হালকা (রিজেনারেটিভ) ব্যায়াম করেছেন।
যাঁরা খেলার সুযোগ পাননি বা কম সময় মাঠে ছিলেন, তারা ফুটবল জুতো পায়ে পুরোদমে ঘাম ঝরিয়েছেন। মাঠের এই অনুশীলনে ছিলেন হুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেস, লিয়ান্দ্রো পারেদেস, নিকোলাস তাগলিয়াফিকো ও নিকোলাস ওতামেন্দির মতো তারকারা। জর্ডানের বিপক্ষে এদের বেশিরভাগেরই শুরুর একাদশে থাকার সম্ভাবনা জোরালো।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে স্কালোনি নিজেই সেই ইঙ্গিত দিয়ে বলেছেন, ‘পয়েন্ট টেবিলের অবস্থান আমাদের জন্য এখন আর কোনো চাপ তৈরি করছে না। আমাদের প্রথম লক্ষ্য ছিল শুরুর দুটি ম্যাচ জেতা, যা আমরা করতে পেরেছি। এখন আমরা পরিস্থিতি বিশ্লেষণ করব। আমাদের পরিকল্পনা হলো, স্কোয়াডের যারা খেলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে এবং যোগ্য, তাদের সুযোগ দেওয়া। পরিস্থিতি অনুকূলে থাকলে আমরা সেটিই করব।’

তবে অনুশীলনের মাঠে একটা বড় শঙ্কা তৈরি হয়েছে ক্রিস্তিয়ান রোমেরোকে নিয়ে। অস্ট্রিয়া ম্যাচে হাঁটুতে চোট পেয়ে মাঠ ছাড়া এই ডিফেন্ডারের চোটের গভীরতা মাপতে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। জর্ডানের বিপক্ষে তাঁর না খেলাটা অনেকটাই নিশ্চিত। অনুশীলনের শেষের দিকে অধিনায়ক লিওনেল মেসি ও রদ্রিগো দি পলকে ট্র্যাকিং স্যুট আর কেডস পায়ে মাঠের পাশে দাঁড়িয়ে সতীর্থদের অনুশীলন দেখতে দেখা যায়, যা প্রমাণ করে স্কালোনি তাঁদের কোনো ধরনের বাড়তি ঝুঁকিতে ফেলতে চান না কোচ স্কালোনি।
সবচেয়ে বড় প্রশ্নটি যথারীতি লিওনেল মেসিকে নিয়েই। অধিনায়ক হিসেবে মেসি সবসময়ই মাঠে থাকতে পছন্দ করেন, ম্যাচের গুরুত্ব যাই হোক না কেন। তবে সামনে যেহেতু নকআউটের গুরুত্বপূর্ণ ম্যাচ, স্কালোনি হয়তো তাঁর সেরা অস্ত্রকে এই ম্যাচে বিশ্রাম দিতে পারেন। শারীরিক কোনো সমস্যা না থাকলেও নকআউটের আগে মেসিকে খেলিয়ে কোনো ঝুঁকি নেওয়া বুদ্ধিমানের কাজ হবে না বলেই মনে করছে টিম ম্যানেজমেন্ট। মেসি যদি শেষ পর্যন্ত না খেলেন, তবে একাদশে সুযোগ পেয়ে যেতে পারেন তরুণ নিকোলাস পাজ।
একই রকম ভাবনা রয়েছে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে নিয়েও। হাতের আঙুলের চোট কাটিয়ে প্রথম দুই ম্যাচে দারুণ খেললেও নকআউটের কথা চিন্তা করে দিবুর জায়গায় পোস্টের নিচে জেরোনিমো রুলিকে দেখা যেতে পারে।
জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:
এমিলিয়ানো মার্তিনেজ/জেরোনিমো রুলি; গঞ্জালো মন্টিয়েল, নিকোলাস ওতামেন্দি, মার্কোস সেনেসি, নিকোলাস তাগলিয়াফিকো; এজেকুয়েল পালাসিওস, লিয়ান্দ্রো পারেদেস, ভ্যালেন্টিন বার্কো; লিওনেল মেসি/নিকোলাস পাজ, হুলিয়ান আলভারেজ ও নিকোলাস গঞ্জালেস।