
প্রতিনিধি 17 May 2026 , 4:26:50 প্রিন্ট সংস্করণ

বৃটিশ আমল তথা ১৯৩৬ সালে প্রতিষ্ঠিত হয় মোহামেডান স্পোর্টিং ক্লাব। চলতি বছর ঐতিহ্যবাহী ক্লাবটি পূর্ণ করেছে ৯০ বছর। দীর্ঘ এই সময়ে অনেক চড়াই উৎরাই পেরিয়েছে মোহামেডান। তারপরও সাফল্যের সঙ্গে এগিয়ে গেছে মতিঝিল পাড়ার এই ক্লাবটি। এ বছরই প্রতিষ্ঠার ৯০ পূর্তি উপলক্ষে অনাড়ম্বর আয়োজনের প্রস্তুতি নিয়েছে ক্লাবের নতুন ম্যানেজমেন্ট।
মোহামেডান ক্লাবে আজ ছিল নব নির্বাচিত পরিচালকদের সংবাদ সম্মেলন। সেখানেই ক্লাব প্রেসিডেন্ট বরকত উল্লাহ বুলু এবং ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া ক্লাবের নতুন কিছু সিদ্ধান্ত সাংবাদিকদের সামনে তুলে ধরেন। যার মধ্যে অন্যতম ছিল ৯০ বছর পূর্তি উদযাপন।
এই আয়োজনে মোহামেডান প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে। তিনি সম্মতি দিলে সেই অনুয়ায়ী অনুষ্ঠানের দিনক্ষণ ঠিক করা হবে বলে জানানো হয়। ওই অনুষ্ঠানে নতুন ম্যানেজেন্ট পাশে রাখতে চায় ক্লাবটির সম্মানিত দাতা সদস্য, স্থায়ী সদস্য, আজীবন সদস্য, সহযোগী সদস্য, শুভানুধ্যায়ীসহ ক্লাবের অতি পূর্বে দেশী-বিদেশী খেলোয়াড় এবং অগণিত সদস্যদেরকে। যাদের সঙ্গে নিয়ে একটি বিশাল মিলন মেলার আয়োজনেরই প্রস্তুতি চলছে।

দেশের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান। তাদের রয়েছে অগনিত সমর্থক। এবার তাদেরকে একই সুতোয় গাঁথতে চায় তারা। দেশে ছড়িয়ে থাকা সমর্থকদের একীভূত করতে ইউরোপীয় ক্লাব কালচারেরও নতুন শুরু করার উদ্যোগ নিয়েছে মোহামেডান। এজন্য ইউরোপীয় ক্লাবগুলোর আদলে ফ্যান ক্লাব তৈরির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দেশের সমস্ত জেলায় মোহামেডানের কমিটি তৈরি করা, যেখানে কমিটি আছে তাদেরকে নিয়ে এবং যেখানে কমিটি নাই সেখানে নতুন করে যারা খেলাধুলার সঙ্গে জড়িত তাদেরকে নিয়ে কমিটি গঠন করা হবে বলেও জানান ক্লাব কর্মকর্তারা।
মোহামেডান এক সময়ে ক্রিকেট, ফুটবল, হকি, সাঁতার, হ্যান্ডবল, ভলিবল, ব্যাডমিন্টন, টেবিল টেনিসসহ বেশ কিছু ডিসিপ্লিনে অংশ নিতো। এখন ক্রিকেট, ফুটবলের পাশাপাশি হকিতে অংশ নেয় তারা। গত মৌসুমে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে পেশাদার যুগের প্রথম লিগ শিরোপা ঘরে তোলে মোহামেডান। এবার ফেডারেশন কাপের ফাইনালে উঠেছে এই প্রতিযোগিতার আগেরবারের চ্যাম্পিয়নরা। ক্রিকেটেও এবার শিরোপা জেতার মতো দল গড়েছে। তবে ফুটবলে শিরোপা ধরে রাখতে পারেনি সাদা-কালোরা। যা জিতে নিয়েছে বসুন্ধরা কিংস। তবে আগামী মৌসুমে শক্ত দল গড়ার প্রতিশ্রুতি সমর্থকদের দিয়েছে নতুন কমিটি। এছাড়া আগামী হকি লিগেও চ্যাম্পিয়ন হওয়ার মতো দল গড়তে চায় মোহামেডান।
মোহামেডানের অন্যতম বড় প্রজেক্ট- সাভারে নিজেদের ২৫ একর জমিতে একটি নিজস্ব ভেন্যুর পরিকল্পনা বাস্তবায়ন ঝুলে আছে অনেক বছর ধরেই, নতুন কমিটি সেটিও বাস্তবায়নের জন্য তোরজোর শুরু করে দিয়েছে। এবং সবশেষে মতিঝিলে নিজেদের এই জমিটা সরকারের কাছ থেকে পাইয়ে দেওয়ার জন্যও তৎকালীন গণপূর্ত মন্ত্রী এবং বর্তমান সরকারের নির্বাচিত সংসদ সদস্য মির্জা আব্বাসকে শ্রদ্ধাভরে স্মরণ করে ক্লাবটি। তাঁকে ক্লাবের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান করা হবে বলেও নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।