
প্রতিনিধি 10 May 2026 , 6:46:22 প্রিন্ট সংস্করণ

বাংলাদেশকে শঙ্কায়ই ফেলে দিয়েছিল পাকিস্তান। মিরপুর টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৪১৩ রানের জবাবে ১ উইকেট হারিয়ে ২১০ রান করে ফেলেছিল শান মাসুদের দল। এরপর কিছুটা সঙ্কটে পড়লেও ফের বাংলাদেশকে অতিক্রম করার সম্ভাবনা জাগান সালমান আলী আগা ও মোহাম্মদ রিজওয়ান। তবে তাদের প্রতিরোধও কাজে লাগেনি। মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে নিজেদের প্রথম ইনিংসে ৩৮৬ রানেই অলআউট হয় দলটি। শেষ বিকেলে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ৭ রান তুলে দিন শেষ করে বাংলাদেশ। তাতে লিড দাঁড়ায় ৩৪ রানের।

আগের দিনের এক উইকেটে ১৭৯ রান নিয়ে ব্যাটিং করতে নেমে ২১০ রান পর্যন্ত যায় পাকিস্তানের দ্বিতীয় উইকেট জুটি। ১০৩ রান করে আউট হন আজান আওয়াইস। এরপর দ্রুত ভেঙে পড়ে পাকিস্তানের ইনিংস। মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ একে একে ফিরিয়ে দেন শান মাসুদ, সৌদ শাকিল ও আব্দুল্লাহ ফজলকে (৬০)। এক পর্যায়ে ২৩০ রানের মধ্যেই ৫ উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। এরপরই প্রতিরোধ গড়েন সালমান ও রিজওয়ান।
ষষ্ঠ উইকেটে ১১৯ রান যোগ করেন এ দুজন। এরপর তাইজুল ইসলাম রিজওয়ানকে থামালে ভাঙে এই জুটি। ৭৯ বলে ৫৯ রান করেন রিজওয়ান। তার ফেরার পর অবশ্য আর কোনো জুটিকেই দাঁড়াতে দেয়নি বাংলাদেশ। ৫৮ রান করে আউট হন সালমান। নোমান আলি, শাহিন আফ্রিদি কিংবা হাসান আলিরা পাননি রান। তাতে ৩৮৬ রানে থামে শান মাসুদের দল।
বাংলাদেশের হয়ে ৫ উইকেট শিকার করেন মেহেদী হাসান মিরাজ। টেস্টে ১৪তম বারের মতো এই কীর্তি গড়লেন তিনি। দুইটি করে উইকেট শিকার করেন তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম। বাকি উইকেটটি নিজের করে নেন এক্সপ্রেস বোলার নাহিদ রানা। শেষ বিকেলে ব্যাট করতে নেমে অপরাজিত ছিলেন মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। মাঝে একবার বৃষ্টি বাগড়া না দিলে আরও কিছু ওভার ব্যাটিং করতে পারত টাইগাররা।