
প্রতিনিধি 19 April 2026 , 3:20:43 প্রিন্ট সংস্করণ

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও আপ বাংলাদেশের ৩০ নেতাকর্মী।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে এনসিপি কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে জুলাই আন্দোলনের এসব নেতারা দলটিতে যোগদান করেন।
এনসিপিতে যোগ দেওয়া কয়েকজন হলেন-আপ বাংলাদেশ প্ল্যাটফর্মের প্রধান উদ্যোক্তা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক দুই সভাপতি আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাত। এছাড়া এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক সানী আবদুল হক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম এবং দফতর সম্পাদক শাহাদাত হোসেনও এনসিপিতে যোগ দিয়েছেন।

নতুন দলটিতে আরও যুক্ত হয়েছেন শাহরিজ সুলতানা ইরা, আয়মান রাহাত, হাসান তানভীর, ওয়াহিদ আলম, মোহাম্মদ জসিমউদ্দিন, সাজ্জাদ সাব্বির, এস এম সুইটসহ আরও অনেকে।
এনসিপির আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেন, বিকেলে লিখিতভাবে যোগদানকারীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে।
তিনি বলেন, কেউ আগে কোন দল বা সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন, সেটি মুখ্য বিষয় নয়। ছাত্রদল, ছাত্রশিবির, ছাত্র অধিকার পরিষদ বা এমনকি ছাত্রলীগ যেই এনসিপিতে যোগ দেবে, সে দলটির হয়েই কাজ করবে। তবে ফ্যাসিজম, গণহত্যা, চাঁদাবাজি ও দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের জন্য দলে কোনো জায়গা নেই।
নাহিদ ইসলাম আরও বলেন, দায়বদ্ধতা ও মানুষের প্রতি দরদভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই এনসিপির যাত্রা। তিনি জানান, জুলাইয়ের অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে সামনে রেখে দলটি এগিয়ে যেতে চায়।