
প্রতিনিধি 7 July 2026 , 1:18:11 প্রিন্ট সংস্করণ

ফিফা বিশ্বকাপে শেষ ১৬-র ম্যাচে আজ রাতে মিশরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে হাজির হয়ে প্রতিপক্ষ দলকে সমীহ করেছেন আলবিসেলেস্তেদের কোচ লিওনেল স্কালোনি। সেই সঙ্গে মনে করিয়ে দিয়েছেন চ্যাম্পিয়ন দলের মানসিকতা।
বিশ্বকাপের গ্রুপপর্বে দাপুটে পারফরম্যান্সে শেষ ৩২ নিশ্চিত করেছিল আর্জেন্টিনা। তবে শেষ ১৬ নিশ্চিতের মিশনে বেশ ঘাম ঝরাতে হয়েছে তাদের। কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের অতিরিক্ত সময়ে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে ৩-২ গোলের জয় পায় আর্জেন্টিনা।
গ্রুপপর্বে ইরানকে পেছনে ফেলে রানার্সআপ হয়ে শেষ ৩২-এ রেখেছিল মিশর। সেখানে ফারাওদের ম্যাচটিও গড়ায় অতিরিক্ত সময়ে। শেষ পর্যন্ত পেনাল্টি শুটআউটে অস্ট্রেলিয়াকে বিদায় করে শেষ ১৬ নিশ্চিত করে মিশর।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে প্রতিপক্ষকে সমীহ করে স্কালোনি বলেন, ‘ওরা অত্যন্ত গোছানো এবং ভালো একটি দল। শুধু হাই-প্রোফাইল খেলোয়াড়ই নয়, ওদের একজন অভিজ্ঞ কোচ আছেন যিনি দীর্ঘদিন ধরে দলটির সঙ্গে কাজ করছেন। ওদের খেলার নিজস্ব একটা পরিষ্কার শৈলী আছে। এটা ঠিক যে ওরা চার ম্যাচের মধ্যে কেবল একটিতে (নির্ধারিত সময়ে) জিতেছে, কিন্তু প্রতি ম্যাচেই প্রতিপক্ষকে চরম পরীক্ষা নিয়েছে ওরা।’
কেপ ভার্দের সঙ্গে মিশরের তুলনা টেনে আর্জেন্টিনা কোচ বলেন, ‘মিশর রক্ষণভাগ খুব গভীরে নিয়ে গিয়ে পার্ক-দ্য-বাস ফুটবল খেলে না। ওরা সম্পূর্ণ ভিন্নভাবে তৈরি একটি দল এবং ওদের আক্রমণভাগ বেশ বিপজ্জনক। তবে আমরা সবকিছুর জন্যই প্রস্তুত। আমরা খেলোয়াড়দের ভিডিও বিশ্লেষণ দেখাই, কিন্তু দলগুলো প্রায়শই আমাদের বিরুদ্ধে তাদের কৌশল বদলে ফেলে।’
বিশ্বকাপের নকআউট পর্বের শেষ ৩২ থেকে ইতিমধ্যেই বিদায় নিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি, তিনবারের রানার্সআপ নেদারল্যান্ডস। গত দুই দিনে শেষ ১৬ তে নরওয়ের বিপক্ষে ব্রাজিল এবং স্পেনের বিপক্ষে পর্তুগাল হেরে বিদায় নিয়েছে। প্যারাগুয়ের বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে ফ্রান্স।
চলতি বিশ্বকাপে তথাকথিত বড় দলগুলোর ঘাম ছুটে যাওয়া প্রসঙ্গে স্কালোনি বলেন, ‘এই বিশ্বকাপ সবার জন্যই কঠিন। আমার মনে হয়, এবারকার ঘরোয়া মৌসুমে যেসব ফুটবলাররা প্রচুর ম্যাচ খেলে এসেছেন, তারা এখন ক্লান্ত বোধ করছেন। আর এই কারণেই মাঠের পারফরম্যান্সের স্তর কিছুটা নিচে নেমে এসেছে যা আমরা সচরাচর দেখে অভ্যস্ত নই।’