
প্রতিনিধি 18 June 2026 , 3:24:04 প্রিন্ট সংস্করণ

বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে দক্ষিণ কোরিয়ার বন্ধ অনুশীলনের ওপর দিয়ে একটি ড্রোন উড়ে যাওয়ার ঘটনা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। নিরাপত্তা নিয়ে এটি প্রশ্ন তুলে দিলেও, দলটির কোচ হং মিয়ং-বো বলেছেন, ঘটনাটি তাদের প্রস্তুতিতে বড় ধরনের প্রভাব ফেলেনি।
মেক্সিকোর গুয়াদালাহারায় দক্ষিণ কোরিয়ার অনুশীলন শিবিরের কাছে উড়ে আসে অজ্ঞাত ওই ড্রোন। যা শনাক্ত করে গুলি করে ভূপাতিত করেছে দেশটির সামরিক বাহিনী।
নাম প্রকাশ না করার শর্তে এক মেক্সিকান ফেডারেল কর্মকর্তা বার্তাসংস্থা এপিকে জানান, বিশেষ প্রযুক্তি ব্যবহার করে একটি ‘নিবন্ধনহীন’ ড্রোন শনাক্ত করা হয়। পরে সেটিকে নিষ্ক্রিয় করে দেয় সামরিক বাহিনী।
বৃহস্পতিবার টুর্নামেন্টের সহ-আয়োজক মেক্সিকোর মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়া। দুই দলই নকআউট পর্বে জায়গা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে। এর আগে অনুশীলনে অজ্ঞাত ড্রোন কিছুটা হলেও চিন্তা বা|ড়িয়েছে দক্ষিণ কোরিয়ার।

ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে দক্ষিণ কোরিয়ার কোচ হং বলেন, ‘গতকাল অনুশীলনের সময় আকাশে একটি ড্রোন ছিল, পরে আমরা বিষয়টি জানতে পারি। সৌভাগ্যবশত, তখনও আমরা ট্যাকটিক্যাল অনুশীলন শুরু করিনি। তাই খুব বেশি প্রভাব পড়েনি।’
তবে তিনি যোগ করেন, ‘ম্যাচের প্রস্তুতির সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে এমন ঘটনা ঘটেছে, যা অবশ্যই দুর্ভাগ্যজনক।’
বিশ্বকাপকে ঘিরে নেওয়া নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে মেক্সিকোর সামরিক বাহিনী ও স্থানীয় পুলিশ যৌথভাবে নজরদারি চালাচ্ছে। গত সপ্তাহে মেক্সিকো সিটিতে শুরু হওয়া এই টুর্নামেন্ট ১৯ জুলাই পর্যন্ত মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডাজুড়ে অনুষ্ঠিত হবে।
মেক্সিকান ওই কর্মকর্তা জানান, সাম্প্রতিক দিনগুলোতে মেক্সিকো সিটি, গুয়াদালাহারা ও মনতেরেতে স্টেডিয়ামের নিরাপত্তা বলয়, দলগুলোর ক্যাম্প ও সমর্থকদের নির্ধারিত ফ্যান জোন এলাকায় ঢোকার চেষ্টা করা কয়েকটি ড্রোনও নিষ্ক্রিয় করা হয়েছে।
ড্রোন নিয়ে বিতর্কের সঙ্গে কানাডার সাম্প্রতিক অতীতও জড়িয়ে আছে। ২০২৪ প্যারিস অলিম্পিকের আগে নিউ জিল্যান্ডের অনুশীলনে নজরদারির অভিযোগ ওঠে কানাডার নারী ফুটবল দলের বিরুদ্ধে। ওই ঘটনার জেরে দুই কোচিং স্টাফ ও প্রধান কোচ বেভ প্রিস্টম্যানকে বরখাস্ত করা হয়।