
প্রতিনিধি 17 June 2026 , 12:32:07 প্রিন্ট সংস্করণ

ফিফা বিশ্বকাপে দারুণ জয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করল আর্জেন্টিনা। ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করে আলবিসেলেস্তেদের জয়ের নায়ক লিওনেল মেসি। ক্ষুদে জাদুকরের এমন পারফরম্যান্স বর্ণনা করার ভাষাই যেন হারিয়ে ফেলেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।
বুধবার বাংলাদেশ সময় সকাল সাতটায় শুরু হওয়া ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। তিনটি গোলই এসেছে মেসির পা থেকে।
২০২৬ বিশ্বকাপে নামার আগে গত পাঁচটি বিশ্বকাপে মেসির গোল সংখ্যা ছিল ১৩টি। আজকের ম্যাচে হ্যাটট্রিকের সুবাদে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোসার সমান ১৬ গোল এখন মেসির। আর মাত্র একটি গোল করলেই একক ভাবে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি নিজের করবেন এই মহাতারকা।
ম্যাচের পর মেসির প্রশংসায় স্কালোনি বলেন, ‘মেসিকে কিভাবে বর্ণনা করবো সেই ভাষা আমার জানা নেই। এটা স্রেফ অবিশ্বাস্য। এরচেয়ে আর কি বা আমি বলতে পারি?’

২০০৬ সালে বিশ্বকাপে সার্বিয়া ও মন্টিনিগ্রোর বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে গোল করেন মেসি। তখন তারিখ ছিল ১৬ জুন। তাঁর বয়স ছিল ১৮ বছর। বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সবচেয়ে কম বয়সী হিসেবে সেদিন একটি গোল করেছিলেন তিনি। আর আজকের তারিখও ১৬ জুন, ২০২৬ (যদিও বাংলাদেশ সময় ১৭ জুন)।
মেসির প্রথম বিশ্বকাপ থেকে ষষ্ঠ বিশ্বকাপ—সময়ের হিসাবে পেরিয়ে গেছে ২০ বছর। মেসি যেন এখনো সেই চিরতরুণ, ৩৮ বছর বয়সেও পায়ের ধার কমেনি একটুও। বিশ্বকাপে করলেন নিজের প্রথম হ্যাটট্রিক।
মেসিকে নিয়ে স্কালোনি বলেন, ‘সে এমনটাই করে আসছে গত ২০ বছর ধরে। প্রত্যেক ফুটবল সমর্থক মেসিকে মাঠে দেখতে চায়, তাঁর খেলা উপভোগ করে।’
কনসাস স্টেডিয়ামে ম্যাচের ১৭ মিনিটে প্রথম গোলটি করে মেসি। এই গোলের পর তাঁকে একটু কান্না করতেও দেখা যায়। মেসির লড়াকু মানসিকতা নিয়ে স্কালোনি বলেন ‘সে মাঠের একটা বলের আশাও সহজে ছাড়ে না, এটাই আমাদের খেলার ধরন। জয় ছাড়াও মেসির লড়াকু মানসিকতা আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।’
বিশ্বকাপে ‘জে’ গ্রুপে আর্জেন্টিনার পরের ম্যাচ অস্ট্রিয়ার বিপক্ষে ২২ জুন। এরপর ২৮ জুন জর্ডানের বিপক্ষে গ্রুপে নিজেদের সবশেষ ম্যাচটি খেলবে আলবিসেলেস্তেরা।