
প্রতিনিধি 26 April 2026 , 12:13:56 প্রিন্ট সংস্করণ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত “রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ভলিবল প্রতিযোগিতা ২০২৬”-এর জমজমাট সমাপ্তি হয়েছে। বাংলাদেশ ভলিবল ফেডারেশন-এর ব্যবস্থাপনায় এবং রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড-এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই প্রতিযোগিতার ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ২৫ এপ্রিল বিকাল ৪টায় শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে।
রোমাঞ্চকর ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। রানার্স-আপ হয়েছে বাংলাদেশ বিমান বাহিনী এবং তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড।

ব্যক্তিগত পারফরম্যান্সেও খেলোয়াড়রা ছিলেন উজ্জ্বল। সেরা খেলোয়াড় নির্বাচিত হন মোঃ সিফাত হোসেন (বাংলাদেশ সেনাবাহিনী), যিনি একই সঙ্গে সেরা অপোজিট অ্যাটাকারও হন। সেরা আউটসাইড অ্যাটাকার হয়েছেন মাজহারুল ইসলাম (বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড), সেরা সেটার মোঃ আশিকুজ্জামান (বাংলাদেশ সেনাবাহিনী), সেরা মিডল ব্লকার পারভেজ মোশারফ (বাংলাদেশ বিমান বাহিনী) এবং সেরা লিবারো নির্বাচিত হন মোঃ আব্দুল হাকিম (বাংলাদেশ সেনাবাহিনী)।

গত ২১ এপ্রিল শুরু হওয়া এই প্রতিযোগিতায় দেশের শীর্ষ দলগুলো অংশ নেয় এবং টানা কয়েকদিনের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ শেষে ফাইনালের মাধ্যমে এর পরিসমাপ্তি ঘটে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইশরাক হোসেন, প্রতিমন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাহফুজুল আলম খান, অতিরিক্ত সচিব (ক্রীড়া-২), যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মাছুদুল আলম, সহ-সভাপতি, বাংলাদেশ ভলিবল ফেডারেশন। এছাড়াও উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক (চলতি দায়িত্বে) মোঃ আব্দুল মুমিন সাদ্দাম, কোষাধ্যক্ষ মোঃ ইমরান হায়দার কাঞ্চন, সিনিয়র স্পোর্টস অর্গানাইজিং কমিটির সম্পাদক মোঃ সোহেল রানা লিংকন এবং সদস্যবৃন্দসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি এবং ফটোসাংবাদিকরা।