
প্রতিনিধি 24 March 2026 , 3:55:30 প্রিন্ট সংস্করণ

রাজধানীর আসাদগেট থেকে শ্যামলী রিং রোড পর্যন্ত এলাকায় অবস্থিত সব ক্লিনিক আগামী সাত দিনের মধ্যে পরিদর্শন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার (২৪ মার্চ) সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। স্বাস্থ্যসেবার মান উন্নয়নে এ কার্যক্রম অব্যাহত থাকবে উল্লেখ করে মন্ত্রী বলেন, কোনো অনিয়মের সঙ্গে আপস করা হবে না।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আসাদগেট থেকে শ্যামলী রিং রোড পর্যন্ত এলাকার সব ক্লিনিক পর্যায়ক্রমে পরিদর্শন করা হবে। সাত দিনের মধ্যে এ কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কোথাও অনিয়ম পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

অনিয়ম করে কেউ রক্ষা পাবে না জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনগণের স্বাস্থ্যসেবাকে ক্ষতিগ্রস্ত করে কারও ব্যক্তিগত সুবিধার কারণে দুর্নীতির আশ্রয় নিয়ে আমরা ক্লিনিক খোলা রাখব, এটা অসম্ভব। যেটা বলেছি, এটাই হবে। আমাদের কেউ কিনতে পারবে না। প্রধানমন্ত্রী এসব ব্যাপারে আমাদের একেবারে শূন্য সহিষ্ণু হতে বলেছেন এবং আমরা তা-ই করব।
তিনি বলেন, সরকারের লক্ষ্য প্রতিষ্ঠান বন্ধ করা বা শাস্তি দেওয়া নয়; বরং জনগণের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। যেখানে সেবার মান উন্নয়নের সুযোগ রয়েছে, সেখানে তা নিশ্চিত করা হবে। তবে গুরুতর অবহেলার ক্ষেত্রে আনুষ্ঠানিক ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী আরও বলেন, এই পরিদর্শন কার্যক্রম কেবল রাজধানীতে সীমাবদ্ধ থাকবে না। সিভিল সার্জন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের মাধ্যমে দেশব্যাপী একই উদ্যোগ নেওয়া হবে। কারণ, দেশের অধিকাংশ মানুষ গ্রামে বসবাস করে, তাদের জন্যও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি।
পরিদর্শনের সময় কোনো প্রতিষ্ঠানে ত্রুটি পাওয়া গেলে প্রথমে নোটিশ দেওয়া হবে। প্রয়োজনীয় যন্ত্রপাতি বা অবকাঠামোর ঘাটতি থাকলে তা পূরণের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে। তবে নির্ধারিত সময়ের মধ্যে শর্ত পূরণ না হলে সংশ্লিষ্ট হাসপাতাল বা ক্লিনিক বন্ধ করে দেওয়া হবে।