
প্রতিনিধি 18 March 2026 , 6:26:38 প্রিন্ট সংস্করণ

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা মধ্যেও দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে চট্টগ্রাম বন্দরে এসেছে আরো ৩টি জ্বালানিবাহী জাহাজ। গতকাল-মঙ্গলবার (১৭ মার্চ) এসব জাহাজ বন্দরে পৌঁছেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ইতোমধ্যে কিছু জাহাজ খালাস শেষ করে চলে গেছে, আর কিছু এখনো প্রক্রিয়াধীন রয়েছে।

বন্দর কর্তৃপক্ষ বলছে, বৈশ্বিক অনিশ্চয়তা ও হরমুজ প্রণালি ঘিরে উদ্বেগ থাকা সত্ত্বেও এলএনজি, এলপিজি ও বিভিন্ন জ্বালানি তেলবাহী জাহাজ নিয়মিতভাবে বন্দরে ভিড়ছে। বর্তমানে বন্দরের বহিঃনোঙরে মোট ১৪টি জাহাজ অবস্থান করছে, যার মধ্যে ৩টি থেকে জ্বালানি খালাস কার্যক্রম চলছে।
ধারাবাহিকভাবে জাহাজ আগমনের ফলে দেশের জ্বালানি সরবরাহ চেইন স্বাভাবিক রয়েছে এবং নতুন জাহাজ আসায় পরিস্থিতিতে স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) তথ্য অনুযায়ী, ১৫ মার্চ পর্যন্ত দেশে ডিজেলের মজুত ছিল প্রায় ১ লাখ ২২ হাজার ৪২৪ মেট্রিক টন।
অপরদিকে, প্রতিদিন গড়ে ১২ থেকে ১৩ হাজার মেট্রিক টন ডিজেলের চাহিদা থাকায় এই মজুত দিয়ে প্রায় ১০ দিনের চাহিদা পূরণ সম্ভব। এ ছাড়াও, সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনী ও কোস্টগার্ডের টহল এবং নজরদারি জোরদার করা হয়েছে।