
প্রতিনিধি 27 February 2026 , 7:02:02 প্রিন্ট সংস্করণ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আমরা মনে করি, ভোটাররা সুষ্ঠভাবে ভোট দিতে পারলেও অন্যবারের মতো ভোটকেন্দ্রে যেতে বাধা দেয়া, সহিংসতার মতো বড় ঘটনা না ঘটলেও নির্বাচনের পরে ভোট গণনা, রেজাল্ট তৈরি করা এবং রেজাল্ট ঘোষণার মধ্যে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ নগরীর টাউন হল মিলনায়তনে জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর শাখার রুকন সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জামায়াতে ইসলামী অনেক সংসদীয় আসনে এক-দেড় হাজার থেকে ৫ হাজার ভোটের ব্যবধানে হারিয়ে দেয়া হয়েছে। এ রকম আসনের সংখ্যা হবে পঞ্চাশটির বেশি। আমরা নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছি, বিধি অনুযায়ী যে নির্বাচনের ট্রাইব্যুনাল গঠিত হয়েছে, সেখানেও আমরা আমাদের অভিযোগগুলো নিয়ে যাব এবং সেইসব আসনের ভোটের পুনর্গণনা ও যে অনিয়ম হয়েছে তা নিরপেক্ষ তদন্তের দাবি জানাব।
গোলাম পরওয়ার বলেন, জামায়াত সবসময় নিয়মতান্ত্রিক, রাজনৈতিক এবং গঠনমূলক ভূমিকা পালন করবে, ইনশাল্লাহ। আমরা কোন অনিয়মতান্ত্রিক হঠকারি পদ্ধতিতে সহিংসতা, চরমপন্থা কোন পথকে ইসলামী পথ বলে মনে করি না। আমরা মনে করি, দেশের জনগণ বিগত নির্বাচনে যেভাবে দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার তৈরি করেছিল, আমরাই শুধু বিস্মিত হইনি, এতে দেশের মানুষ বিস্মিত হয়েছে। মিডিয়াও বিস্মিত হয়েছে।
তিনি বলেন, দাঁড়িপাল্লার স্লোগানে মুখরিত করে তারা রাজধানী ঢাকা ত্যাগ করেছে নিজের গন্তব্যে যাওয়ার সময়। আর ভোটকেন্দ্রে যেভাবে ভোটারের উপস্থিতি এবং দাঁড়িপাল্লার পক্ষে রায় আমরা দেখতে পারছিলাম, ভোট গণনার সময়ও সারাদেশ থেকে খবর পাওয়া গেছে, একের পর এক আমাদের আসনগুলো থেকে বিজয়ের খবর আসতে থাকল, সব আপনারা জানেন। আর পক্ষান্তরে ষড়যন্ত্রমূলকভাবে মিডিয়ায় ফলাফল বন্ধ করে দিল।