
প্রতিনিধি 27 January 2026 , 12:54:35 প্রিন্ট সংস্করণ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনী প্রচারের পথসভায় ফের ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর রমনা এলাকায় এ ঘটনা ঘটে।
ঢাকা-৮ ধানের শীষের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ‘সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করেন। হাবিবুল্লাহ বাহারে যারা সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, জনগণকে বলব ১২ তারিখে ব্যালটের রায় দিন। শাপলাকলিতে ভোট দিয়ে আপনারা জনগণের পক্ষে এই ধরনের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, নতুনভাবে বাংলাদেশ গঠন করুন।’

তিনি আরও বলেন, ‘হাবিবুল্লাহ বাহারে দুর্নীতির আখড়া রয়েছে। ইনশাআল্লাহ আমরা ভেঙে দিব। হাবিবুল্লাহ বাহারে যারা দলীয় গুন্ডা হিসেবে ব্যবহার হচ্ছে, আমরা প্রশাসনকে বলব দলীয় গুন্ডাদেরকে ক্যাম্পাস থেকে বের করেন।’
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘সারাদেশে বিএনপি, ছাত্রদল, যুবদলের যে সকল গুন্ডারা সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে, আপনারা সবাই রুখে দাঁড়ান। জয় আমাদের হবে ইনশাল্লাহ।’
এর আগে শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর সিদ্ধেশ্বরীর গোল্ডেন প্লাজা গলি এলাকায় নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনী প্রচারের পথসভায় ময়লা পানি ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনায় নাসীরুদ্দীন এবং তার সঙ্গে থাকা নেতা–কর্মীরা কেউ আহত হননি। ঘটনার পর পরই সেদিন দ্রুত কর্মসূচি শেষ করে তারা পরীবাগ এলাকায় চলে যান।