
প্রতিনিধি 19 June 2026 , 7:38:41 প্রিন্ট সংস্করণ

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাক করে তার ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার পক্ষ থেকে একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে তার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।
প্রকাশিত সতর্কীকরণ বার্তায় বলা হয়, সাম্প্রতিক সময়ে প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি অননুমোদিতভাবে হ্যাক করা হয়েছে। এর ফলে আইডি থেকে এমন কিছু পোস্ট, মন্তব্য বা বার্তা প্রকাশিত হতে পারে, যা তার ব্যক্তিগত মতামত, রাজনৈতিক অবস্থান কিংবা সরকারি দায়িত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।
এ অবস্থায় সাধারণ জনগণ, রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আইডি থেকে কোনো অসঙ্গতিপূর্ণ, বিভ্রান্তিকর, উসকানিমূলক বা অনাকাঙ্ক্ষিত পোস্ট প্রকাশিত হলে তা যেন কেউ বিশ্বাস না করেন কিংবা তা নিয়ে বিভ্রান্তির মধ্যে না পড়েন।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, এটি কোনো সাধারণ সাইবার হামলার ঘটনা নয়; বরং প্রতিমন্ত্রীর ব্যক্তিগত ও রাজনৈতিক ইমেজ ক্ষুণ্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে পরিচালিত একটি অপচেষ্টা হতে পারে। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং তাঁর ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হ্যাক হওয়া অ্যাকাউন্ট পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট প্রযুক্তিগত টিম ও কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আইডি পুনরুদ্ধারের কাজ চলমান রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে অ্যাকাউন্টটির পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার আশাবাদও ব্যক্ত করা হয়েছে।
আইডি পুনরুদ্ধার সম্পন্ন হলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নিজেই আনুষ্ঠানিকভাবে বিষয়টি জনগণকে অবহিত করবেন বলে জানানো হয়েছে। ততক্ষণ পর্যন্ত তার নামে বা তার আইডি থেকে প্রচারিত যেকোনো সন্দেহজনক তথ্য যাচাই-বাছাই ছাড়া বিশ্বাস না করার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ও সাইবার অপরাধের ঘটনা দিন দিন বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে এ ধরনের ঘটনায় সচেতনতা বৃদ্ধিরও আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি প্রতিমন্ত্রীর পক্ষ থেকে সকলের সহযোগিতা, সমর্থন ও সচেতনতা কামনা করা হয়েছে।