
প্রতিনিধি 29 March 2026 , 12:58:16 প্রিন্ট সংস্করণ

আফ্রিকা কাপ অফ নেশনসের (আফকন) ট্রফি নিয়ে নাটকীয়তা যেন থামছেই না। গত জানুয়ারিতে ফাইনালে মরক্কোকে হারিয়ে সেনেগাল চ্যাম্পিয়ন হলেও পরবর্তীতে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ) তাদের সেই শিরোপা কেড়ে নেয়।
তবে সিএএফ-এর সেই সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে গতকাল (শনিবার) প্যারিসের স্তাদ দ্য ফ্রঁসে পেরুর বিপক্ষে প্রীতি ম্যাচের আগে ট্রফি নিয়ে আনন্দ মিছিলে মাতেন সাদিও মানে-কুলিবালিরা। পরে ম্যাচটি ২-০ গোলে জিতেও যায় তারা।
জানুয়ারিতে অনুষ্ঠিত সেই বিতর্কিত ফাইনালে সেনেগাল ১-০ গোলে জয়লাভ করেছিল। কিন্তু ম্যাচের মাঝপথে মরক্কোর পক্ষে একটি পেনাল্টি দেওয়ায় প্রতিবাদ হিসেবে সেনেগালের খেলোয়াড়রা মাঠ ছেড়ে চলে যান। প্রায় ১৪ মিনিট খেলা বন্ধ থাকার পর তারা ফিরে আসেন এবং সেই পেনাল্টিটি মরক্কো মিস করে। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে পাপে গুয়ের গোলে জয় পায় সেনেগাল।

মরক্কো এই ফলের বিরুদ্ধে আপিল করলে সিএএফ-এর আপিল প্যানেল সেনেগালের জয় বাতিল করে মরক্কোকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করে এবং তাদের হাতে শিরোপা তুলে দেয়।
সিএএফ-এর এই রায়কে মানতে নারাজ সেনেগাল। শনিবার পেরুর বিপক্ষে ম্যাচের আগে সেনেগালের অধিনায়ক কালিদু কুলিবালি এবং গোলরক্ষক এদুয়ার মেন্ডি মাঠের প্রেসিডেন্সিয়াল বক্সে ট্রফিটি প্রদর্শন করেন। বিখ্যাত সংগীতশিল্পী ইউসু এন’ডুর-এর কনসার্টের পর পুরো দল ট্রফি নিয়ে ল্যাপ অব অনার দেয়।
গ্যালারিতে উপস্থিত হাজার হাজার সেনেগালি সমর্থক ড্রাম ও বাদ্যযন্ত্রের তালে এই জয় উদযাপন করেন।
সেনেগাল ফুটবল ফেডারেশন জানিয়েছে, তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধে পুনরায় সিএএফ এবং আন্তর্জাতিক ক্রীড়া আদালত (সিএএস)-এ আপিল করবে। এমনকি সেনেগাল সরকার এই ঘটনায় সিএএফ-এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে একটি স্বাধীন আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে।
সেনেগাল বর্তমানে বিশ্বকাপের প্রস্তুতি নিচ্ছে যেখানে তাদের গ্রুপে রয়েছে ফ্রান্স ও নরওয়ের মতো শক্তিশালী দল।