
প্রতিনিধি 14 March 2026 , 4:51:40 প্রিন্ট সংস্করণ

সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর জামিনে মুক্তি পেয়েছেন। শনিবার (১৪ মার্চ) দুপুর ২টা ৩৫ মিনিটে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার-২ থেকে তিনি জামিনে মুক্ত হন। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার আল মামুন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সাংবাদিক আনিস আলমগীরের জামিনের যাবতীয় কাগজপত্র এক দিন আগে কারাগারে পৌঁছায়। যাচাই-বাছাই করে শনিবার (১৪ মার্চ) দুপুর ২টা ৩৫মিনিটে তাকে কারাগার থেকে মুক্তি দেয়া হয়।

জানা গেছে, গত বুধবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরের জামিন মঞ্জুর করেন আদালত। এ নিয়ে আনিস আলমগীর তার বিরুদ্ধে থাকা দুটি মামলাতেই জামিন পান। সে ক্ষেত্রে আনিস আলমগীরের কারামুক্তিতে আইনগত বাধা নেই বলে জানিয়েছিলেন তার আইনজীবী তাসলিমা জাহান।
উল্লেখ্য: গত বছরের ১৪ ডিসেম্বর রাতে রাজধানীর ধানমন্ডির একটি ব্যায়ামাগার থেকে আনিস আলমগীরকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগে (ডিবি) নেয়া হয়। পরদিন তাকে উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এরপর তাকে ৫ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়। আর ৫ মার্চ মামলা আমলে নিয়ে আনিস আলমগীরকে জামিন দিয়েছেন উচ্চ আদালত।