
প্রতিনিধি 14 March 2026 , 12:09:13 প্রিন্ট সংস্করণ

ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান বলেছেন, সরকারি দলের সঙ্গে এখন পর্যন্ত আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। কিন্তু বাস্তবতা হলো-অতীতে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠের সরকার বিরোধীদলের সঙ্গে কখনোই ভালো আচরণ করেনি। তারপরেও জুলাই সনদ বাস্তবায়নে আমরা পিছপা হব না। জান দেব, জুলাই দেব না।
শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর মিরপুরের একটি রেস্টুরেন্টে বাংলাদেশ ইউনানী অ্যান্ড আয়ুবের্দিক মেডিকেল অ্যাসোসিয়েশন (বুয়ামা) আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. তাওহিদ আল বেরুণীর সভাপতিত্বে ও ডা. মঈন উদ্দিনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক এবং ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) ঢাকা মহানগরী উত্তরের কার্যনির্বাহী পরিষদের সদস্য মোখলেসুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্যে ডা. ফখরুদ্দিন মানিক বলেন, চিকিৎসকদের একটি স্বার্থান্বেষী মহল নিজেদের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য, তাদের একক নেতৃত্ব ও কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য অল্টারনেটিভ কেয়ারকে অবহেলা করছে। সময়ের ব্যবধানে যে অধিকার প্রতিষ্ঠিত হওয়ার কথা, আমরা দেখেছি কিছুটা আগানোর পর পুনরায় টেনে ধরে শুধু চিকিৎসা ব্যবস্থার ক্ষতিসাধন নয়, মানুষের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।